• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]

পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্র্যাটরা

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯: ০৭

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় সাফল্যের পর পেন্টাগনের প্রতিরক্ষা বাজেট থেকে ইসরাইলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও অস্ত্র উৎপাদন সহযোগিতার উদ্যোগ বাদ দিতে চায় ডেমোক্র্যাটরা। এ জন্য ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিল (এনডিএএ) পাসের ক্ষেত্রে নিজেদের ভোটকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দলটির নেতাদের প্রতি নীতিবিশ্লেষক ও অধিকারকর্মীরা।

তাদের মতে, বিলটিতে প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক সহযোগিতার ধারা বাদ না দেওয়া পর্যন্ত ডেমোক্র্যাটদের এর অগ্রগতি আটকে রাখা উচিত।

চলতি বছরের শুরুতেই ডেমোক্র্যাট নেতৃত্ব ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিলের বিরোধিতা করেছিল। ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের এই বিশাল প্যাকেজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পরিকল্পনার বড় অংশের অর্থায়নের প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘ট্রাম্প-ক্লাস’ যুদ্ধজাহাজ নির্মাণ পরিকল্পনা। সম্পূরক কয়েকটি বিলেও এসব পরিকল্পনার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি রয়েছে।

ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা এই বিলের বিরোধিতার কারণ হিসেবে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত সংকটের কথা তুলে ধরেছেন। তবে সংশ্লিষ্ট কর্মী ও নীতিবিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিরক্ষা শিল্পকে একীভূত করার উদ্যোগের বিরুদ্ধেও দলটির নেতৃত্বকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

সিনেটে বর্তমানে বিবেচনাধীন বিলটির ২১৯ নম্বর ধারায় ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা উদ্যোগ’ নামে একটি কর্মসূচি গঠনের প্রস্তাব রয়েছে। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, মূল্যায়ন, সমন্বয় এবং শিল্প খাতের সহযোগিতা সম্প্রসারণ ও ত্বরান্বিত করা।

নীতিনির্ধারণী সংগঠন ডিমান্ড প্রগ্রেসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা কাভান খাররাজিয়ান আলজাজিরাকে বলেন, এনডিএএ বিলের পক্ষে ডেমোক্র্যাটদের ভোট পেতে হলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এসব পরিবর্তনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক একীভূতকরণের উদ্যোগ বাদ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিধান অন্তর্ভুক্ত থাকা উচিত।

পেন্টাগনের বাজেটের বিরোধিতা করা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিকভাবেই স্পর্শকাতর বিষয়। কারণ, এ ধরনের বিরোধিতাকে অনেক সময় সামরিক বাহিনীর প্রতি সমর্থনের অভাব হিসেবে দেখা হতে পারে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গত মে মাসে প্রতিরক্ষা বাজেটের একটি সংস্করণ পাস হলেও জুলাইয়ে সিনেটে প্রক্রিয়াগত ভোটের মাধ্যমে বিলটির অগ্রগতি আটকে দেয় ডেমোক্র্যাটরা।

এখন বিলটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ও সীমিত। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পেন্টাগনের বর্তমান অস্থায়ী অর্থায়নের মেয়াদ রয়েছে। ওই সময়ের মধ্যে অর্থায়ন অব্যাহত রাখতে কংগ্রেসকে নতুন করে অস্থায়ী অর্থায়ন বিল অথবা পূর্ণাঙ্গ এনডিএএ পাস করতে হবে।

খাররাজিয়ানের মতে, এনডিএএ পাস করতে সিনেটে ৬০টি ভোট প্রয়োজন হওয়ায় কংগ্রেসের চলতি অধিবেশনের শেষ দিনগুলোতে ডেমোক্র্যাটদের প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে। অন্যদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার আগে বিলটি পাস করাতে রিপাবলিকানদের হাতে সময় কম।

তিনি বলেন, বিতর্কিত ধারাগুলো বাদ না দেওয়া পর্যন্ত এনডিএএ বিলের অগ্রগতি আটকে রাখার ক্ষমতা ডেমোক্র্যাটদের রয়েছে। তাই পরিবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলটি বিবেচনার জন্য এগিয়ে নিতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি তাদের দিতে হবে। শুধু সংশোধনী প্রস্তাবের ওপর ভোট করানো যথেষ্ট নয়। এরপরও যদি বিতর্কিত ধারাগুলো বহাল রেখে বিলটি এগিয়ে যেতে দেওয়া হয়, তাহলে সেই উদ্যোগের কোনো কার্যকর ফল হবে না।

নির্বাচনে সাফল্যের পর ভোটারদের জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত উদ্বেগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার চাপ রয়েছে ডেমোক্র্যাটদের ওপর। এ কারণে এনডিএএ এবং এর সঙ্গে সম্পর্কিত সম্পূরক বিলগুলোতে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।

প্রতিরক্ষা খাতের বিশ্লেষকেরা ধারণা করছেন, পেন্টাগনের অর্থায়নে বড় ধরনের কাটছাঁট আসতে পারে। এর মধ্যে ৩৬ হাজার কোটি ডলারের একটি সম্পূরক অর্থায়ন প্যাকেজও রয়েছে, যেটির অগ্রগতি আটকে আছে। তবে এই পরিবর্তনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক প্রযুক্তি উন্নয়ন সহযোগিতার উদ্যোগ বাদ দেওয়ার বিষয়টি থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত ৩ নভেম্বরের নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এক বিবৃতিতে বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আরো বাস্তবসম্মত ও টেকসই পদ্ধতি গ্রহণ করতে হবে। এমন প্রতিরক্ষা বাজেটের প্রয়োজন নেই, যার পরিমাণ ১ লাখ কোটি ডলারের বেশি। আবার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কর্মসূচিতে কঠোর ব্যয়সংকোচনের মাধ্যমে সেই বাজেটের অর্থ জোগানোর ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়।

স্মিথের বক্তব্যের সঙ্গে সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমারের আগের অবস্থানের মিল রয়েছে। গত জুলাইয়ে সহকর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে শুমার বলেছিলেন, রিপাবলিকানরা এমন একটি পেন্টাগন অর্থায়ন বিল আনতে চাইছেন, যার মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে আরো কয়েক শ কোটি ডলার ঢালা হবে। অথচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়গুলো অপেক্ষায় পড়ে আছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক প্রযুক্তি উন্নয়ন একীভূত করার প্রস্তাবটি প্রথমে সমর্থন করেছিলেন অ্যাডাম স্মিথ। পরে তিনি নিজের অবস্থান পরিবর্তন করে এর বিরোধিতা করেন। তবে শুমার এবং প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস এখনো এ বিষয়ে প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাননি। তারা দুজনই নিজ নিজ কক্ষে দলের নেতৃত্বের পদ ধরে রাখার চেষ্টা করছেন।

সমালোচকদের আশঙ্কা, প্রস্তাবিত উদ্যোগটি কার্যকর হলে পেন্টাগনের জন্য ইসরাইলকে মার্কিন করদাতাদের অর্থায়নে সহায়তা দেওয়ার একটি নতুন পথ তৈরি হবে। যৌথভাবে সামরিক প্রযুক্তি ও অস্ত্র উন্নয়নের প্রকল্পের আড়ালে এই সহায়তা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কংগ্রেসের নজরদারি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া এই উদ্যোগের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান পরিবর্তন করাও কঠিন হয়ে পড়তে পারে। কারণ, ইসরাইলে তৈরি সামরিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সমালোচক আইনপ্রণেতারা লিখেছেন, এ ধরনের উদ্যোগ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বিশেষ করে গাজা, পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরাইল সরকার যেসব নীতি অনুসরণ করছে, সেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মূল্যবোধের অসংগতি রয়েছে। তাদের মতে, এমন পরিস্থিতিতে দুই দেশের সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা উৎপাদনব্যবস্থাকে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা উচিত নয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!