• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline

জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৫: ০৫

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পুনর্বহালের পর কোম্পানিটির শেয়ারের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এনভিডিয়ার শেয়ার থেকে সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২০০ কোটি টাকা লাভ হয়েছে।

গতকাল সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে প্রায় ৯৫০ বিলিয়ন ডলার।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠায় ভূমিকা রাখা জেনসেন হুয়াংকে সম্প্রতি পরিচালনা পর্ষদ সিইওর পদ থেকে সরিয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল। এর মধ্যে একজন চীনা গুপ্তচর বলে সন্দেহ করা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দুজন কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগও ছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর তাকে আবার দায়িত্বে ফিরিয়ে আনে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলেছেন এবং হুয়াংকে ফিরিয়ে আনতে তাদের রাজি করিয়েছেন। পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় পরিচালনা পর্ষদের প্রশংসাও করেন তিনি।

ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে পরিচালনা পর্ষদ নিশ্চয়তা চেয়েছিল। তারা যতটুকু জানেন, সে অনুযায়ী নিশ্চয়তা দিয়েছেন। এ বিষয়ে তাদের কাছে অনেক তথ্য রয়েছে।

হুয়াংয়ের ফিরে আসা কোনো হুমকি কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাকে হারানোই বরং হুমকি।’

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার শেয়ারের দরপতন ট্রাম্পকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপে প্রভাবিত করেছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত তাই।’

যুক্তরাষ্ট্রের সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া ট্রাম্পের আর্থিক বিবরণী থেকে তার এনভিডিয়ার শেয়ারের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, তার কাছে সর্বোচ্চ ৩ লাখ ৭০ হাজার শেয়ার থাকতে পারে। এ তথ্য প্রথম প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস।

বিবিসির গত দুই বছরের সরকারি আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, ট্রাম্প এনভিডিয়ার ২ কোটি ৩০ লাখ থেকে ৮ কোটি ৬০ লাখ ডলার মূল্যের শেয়ার কিনেছেন। প্রেসিডেন্টের দায়িত্বে ফেরার পর তিনি কোম্পানিটির কিছু শেয়ার বিক্রিও করেছেন। এতে তার আয় হয়েছে ৩৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ডলারের মধ্যে।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের উত্থানের কেন্দ্রে রয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির নেতৃত্বে জেনসেন হুয়াংয়ের এই আকস্মিক ও বিতর্কিত প্রত্যাবর্তনের প্রভাব পড়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারেও। মঙ্গলবার এ অঞ্চলের বিভিন্ন বাজারে শেয়ারের দাম বেড়েছে।

তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে। কয়েক মাসের অস্থিরতার পর এআই খাতের শেয়ারে আবার বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তাইওয়ানের টিডব্লিউ৫০ সূচক বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। দেশটির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম বৃদ্ধিতে এই উত্থানে ভূমিকা ছিল। জাপানের নিক্কেই সূচক বেড়েছে প্রায় ৪ শতাংশ।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও শেয়ারবাজারে উত্থান হয়েছিল। গত কয়েক মাস ধরে এআই খাতের শেয়ারে ব্যাপক ওঠানামা চলছে। এআই অবকাঠামো গড়ে তুলতে এ খাতের কোম্পানিগুলোর বিপুল ঋণ নেওয়া নিয়ে উদ্বেগ রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এ ছাড়া মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর যুক্তরাষ্ট্রে এআই খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কাও তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে ট্রাম্পের শেয়ার লেনদেন নিয়ে তদন্তের দাবি তুলেছেন ডেমোক্র্যাট দলের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সিনেটর রুবেন গ্যালেগো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ঘোষণার আগে শেয়ারের কী ধরনের অবস্থান নেওয়া হয়েছিল, তা তদন্ত করা প্রয়োজন। এই হোয়াইট হাউস ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।’

পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ট্রাম্প হয়তো এআই বুদ্‌বুদ ফাটার সূচনা করেছেন।’

অর্থনীতিবিদেরা মনে করছেন, জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়েছে। একই সঙ্গে এআই খাতের সম্ভাব্য বুদ্‌বুদ শিগগির ফেটে যাওয়ার আশঙ্কাও কমেছে।

ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদ জিম রিড বলেন, এআই খাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা কমায় বাজারে ফেডারেল রিজার্ভের সুদের হার আরো কঠোর করার সম্ভাবনা আবার গুরুত্ব পেয়েছে। আগামী কয়েক মাসে এ প্রবণতা বজায় থাকতে পারে।

তিনি বলেন, ‘ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের পরবর্তী বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর বিষয়টি বাজার এখন পুরোপুরি ধরে নিচ্ছে।’

২৫ বেসিস পয়েন্ট অর্থ সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!