• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৪: ০১

ফিলিস্তিনের গাজা উপত্যকার ৯৯ শতাংশের বেশি এলাকায় দূষণের সম্ভাব্য উৎস শনাক্ত করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। ইসরাইলের সামরিক হামলায় ভবন ও অবকাঠামো ধ্বংসের পাশাপাশি বায়ু, মাটি, খাদ্য ও পানির ব্যাপক দূষণ ঘটেছে। এতে গাজার বাসিন্দারা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসছেন। এই দূষণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে। একে পরিবেশের বিরুদ্ধে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

অক্সফামের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

স্যাটেলাইট চিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং উন্মুক্ত বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের পরিবেশগত প্রভাব নিয়ে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বিস্তৃত চিত্র তুলে ধরার দাবি করেছে সংস্থাটি।

অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ‘গাজায় ইসরাইলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। এসব হামলা পরিবেশের বিরুদ্ধে যুদ্ধাপরাধ। এগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে।’

এক বিবৃতিতে তিনি আরো বলেন, গাজার ভবন ও পরিবেশ ধ্বংস এবং দূষণের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের অধীনে ইসরাইলের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের শামিল হতে পারে।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা বায়ু, খাদ্য, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শের মাধ্যমে বিভিন্ন বিষাক্ত পদার্থের শিকার হচ্ছেন। বোমা হামলা, অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ এবং অপরিশোধিত পয়োনিষ্কাশন থেকে ছড়িয়ে পড়া দূষণ মানুষের শ্বাস নেওয়া বাতাস, পান করা পানি ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।

এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জীবনের ঝুঁকি শনাক্ত ও কমাতে পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তের জরুরি প্রয়োজনীয়তার কথাও বলেছে অক্সফাম।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও ১ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন বলেছিল, গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে। এদিকে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে। এর আগে জানুয়ারিতে আদালত বলেছিলেন, গাজায় ইসরাইলের গণহত্যা সংঘটনের অভিযোগকে বিশ্বাসযোগ্য বলে মনে করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) শেষ হওয়ার এক দিন পর অক্সফামের প্রতিবেদনটি প্রকাশিত হয়। সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতারা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

বায়ুদূষণ ও বিপুল কার্বন নিঃসরণ

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং ভবন ও অবকাঠামো ধ্বংসের ফলে বিভিন্ন দূষিত পদার্থ ছড়িয়ে পড়ছে। এসব পদার্থ ধ্বংসস্তূপ ও মাটিতে জমা হচ্ছে। পরে বাতাস, যানবাহন চলাচল এবং ধ্বংসস্তূপ সরানোর সময় সেগুলো আবার বাতাসে মিশে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি, জাবালিয়া এবং উত্তর গাজা গভর্নরেটে দূষণের সম্ভাব্য ঘনত্ব সবচেয়ে বেশি।

ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাসও নির্গত হয়েছে। ধ্বংসস্তূপ সরানো এবং পুনর্গঠনের সময় আরও কার্বন নিঃসরণ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে উদ্ধৃত একটি গবেষণায় বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সরাসরি সংঘাতের কারণে ১৩ লাখ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (সিও২ই) নিঃসরণ হয়েছে।

পুরো সংঘাতের সময়কাল বিবেচনায় কার্বন নিঃসরণের পরিমাণ ৩ কোটি ৩২ লাখ টন সিও২ই হতে পারে বলে আরেকটি গবেষণায় অনুমান করা হয়েছে। এর মধ্যে পুনর্গঠনের সময় ৩ কোটি ১৪ লাখ টন কার্বন নিঃসরণের আশঙ্কা রয়েছে।

গাজাজুড়ে ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ

অক্সফামের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত গাজার মোট ৩৬৫ বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় ২৮৩ বর্গকিলোমিটার বা ৭৮ শতাংশ এলাকা ইসরাইলের স্থল অভিযানে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। বর্তমানে গাজার প্রতিজন বাসিন্দার হিসাবে এই ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ২৯ টন। ধ্বংসস্তূপের পরিমাণ এতটাই বেশি যে তা সরাতে ২১ লাখ ডাম্প ট্রাকের প্রয়োজন হবে। এসব ট্রাক দিয়ে পৃথিবীর পরিধি ধরে ৭৩৬ বার ঘুরে আসার সমান দূরত্ব অতিক্রম করতে হবে।

তুলনামূলকভাবে, ২০১৭ সালের সংঘাতের পর ইরাকের মসুল শহরে ৭৬ লাখ ৫০ হাজার টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। গাজার ধ্বংসস্তূপের পরিমাণ তার প্রায় আট গুণ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার ৯০ শতাংশের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশকে একাধিকবার বাড়িঘর ছাড়তে হয়েছে।

গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করেছে অক্সফাম। গাজা সিটি, খান ইউনিস, রাফাহ, জাবালিয়া এবং সালাহ আল-দিন সড়কসংলগ্ন এলাকায় একাধিক সম্ভাব্য দূষণের উৎসের উপস্থিতি সবচেয়ে বেশি।

অবিস্ফোরিত গোলাবারুদের খোলস ক্ষয়ে গেলে সেখান থেকে ক্ষতিকর পদার্থ মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশতে পারে। এ ছাড়া সামরিক যানবাহন, ব্যাটারি ও জ্বালানির মজুত থেকেও দূষণের ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে সামরিক বাহিনীর চলাচলের পথ এবং তাদের সাবেক অবস্থানগুলোর আশপাশে এ ঝুঁকি বেশি।

পানির সংকট ও পয়োনিষ্কাশনব্যবস্থার বিপর্যয়

ইসরাইলের হামলায় গাজার পানি সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্সফামের উদ্ধৃত ফিলিস্তিন পানি কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরের আগে গাজায় দৈনিক পানির সরবরাহ ছিল ৩ লাখ ৩৪ হাজার ১০৭ ঘনমিটার। ২০২৪ সালের জুনে তা কমে দাঁড়ায় মাত্র ৫৪ হাজার ৭৪৭ ঘনমিটারে। অর্থাৎ সরবরাহ কমেছিল প্রায় ৮৪ শতাংশ।

২০২৬ সালের এপ্রিল নাগাদ জরুরি মেরামতের মাধ্যমে দৈনিক পানির সরবরাহ বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার ৩১৫ ঘনমিটারে উন্নীত করা হয়। তবে যুদ্ধের আগের তুলনায় এই সরবরাহ এখনো ৬১ শতাংশ কম।

গাজার ৬১টি পানির আধার বা জলাধারের মধ্যে মাত্র ৯টি সচল ছিল। এসব জলাধারে যে পরিমাণ পানি সংরক্ষিত ছিল, তা দিয়ে এক দিনের জন্য জনপ্রতি ১৮ লিটার পানি সরবরাহ করা সম্ভব।

গাজার পানির প্রধান উৎস ছিল উপকূলীয় ভূগর্ভস্থ জলাধার। ঐতিহাসিকভাবে এই জলাধার থেকে গাজার ৮১ শতাংশ পানির চাহিদা পূরণ হতো। তবে ২০২৩ সালের অক্টোবরের আগেই জলাধারটির ৯৭ শতাংশ পানি রাসায়নিকভাবে দূষিত ছিল।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের আকাশ, স্থল ও সমুদ্রপথে অবরোধের মধ্যে কয়েক দশক ধরে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ জলাধারে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ করেছে। অপরিশোধিত পয়োবর্জ্য, কৃষিজমির বর্জ্য এবং আবর্জনা ফেলার কারণেও পানিদূষণ বেড়েছে।

২০২৬ সালের জুলাইয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ভূগর্ভস্থ পানির ৭৯টি কূপ পরীক্ষা করে। এর মধ্যে ১৫টিতে বা ১৯ শতাংশে মলজাতীয় ব্যাকটেরিয়া (ফিকাল কলিফর্ম) পাওয়া যায়। অক্সফামের বিশ্লেষণে উত্তর গাজা, গাজা সিটি ও দেইর আল-বালাহকে দূষিত পানি পানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালের এক মূল্যায়নে মাত্র ২ শতাংশ কূপে এ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল।

জুলাই মাসের পরীক্ষায় দেখা যায়, ৭৯টি কূপের মধ্যে ৬১টির বা ৭৭ দশমিক ২ শতাংশের পানিতে মোট দ্রবীভূত কঠিন পদার্থের (টিডিএস) পরিমাণ প্রতি লিটারে ১ হাজার মিলিগ্রামের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, পানিতে এ ধরনের পদার্থের মাত্রা বাড়লে তা পান করতে ক্রমেই অস্বস্তিকর হয়ে ওঠে। পরীক্ষায় পাওয়া মাত্রা ওই সীমার চেয়ে প্রতি লিটারে ৪০০ মিলিগ্রাম বেশি।

পয়োনিষ্কাশনব্যবস্থাও প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। ২০২৪ সালের এপ্রিলের মধ্যে ইসরাইলের হামলায় গাজার ছয়টি বর্জ্যপানি শোধনাগারই ধ্বংস হয়ে যায়। প্রতিদিন আনুমানিক ৪০ হাজার ঘনমিটার অপরিশোধিত পয়োবর্জ্য ভূমধ্যসাগরে গিয়ে পড়ছে। এই পরিমাণ বর্জ্যপানি দিয়ে অলিম্পিকের ১৬টি সুইমিংপুল ভরাট করা সম্ভব।

২০২৬ সালের এপ্রিল পর্যন্ত গাজার মাত্র ১৯ শতাংশ পাম্পিং স্টেশন এবং প্রায় ৩০ শতাংশ পয়োনিষ্কাশন নেটওয়ার্ক আংশিকভাবে সচল ছিল।

আবর্জনা সংগ্রহের যানবাহনের সংখ্যা ২৬১টি থেকে কমে দাঁড়িয়েছে ৪৮টিতে। গাজার দুটি প্রধান ময়লার ভাগাড়ই এখনো নাগালের বাইরে। অন্তত ৫৬টি অস্থায়ী ভাগাড়ের মধ্যে মাত্র ১১টিতে প্রবেশ করা সম্ভব এবং সেগুলো চালু রয়েছে।

এসব ভাগাড়ের অধিকাংশে মাটি ও ভূগর্ভস্থ পানিকে দূষণ থেকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত আনুমানিক ১৪ লাখ ৫০ হাজার মানুষ ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণীর উপদ্রব রয়েছে, এমন এলাকায় বসবাস করছিলেন।

কৃষিজমি ধ্বংস, খাদ্যনিরাপত্তায় বিপর্যয়

ইসরাইলি হামলার আগে গাজার কৃষিজমি থেকে মানুষের খাওয়ার তাজা সবজির প্রায় ৯৫ শতাংশ সরবরাহ করা হতো। কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ গাজার ৮৭ শতাংশের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অক্সফামের হিসাবে, মাত্র ৩ শতাংশ কৃষিজমি ব্যবহারযোগ্য ও অক্ষত ছিল।

২০২৪ সালের অক্টোবরের মধ্যে জাতিসংঘ জানায়, গাজায় ১০ লাখের বেশি জলপাইগাছ উপড়ে ফেলা হয়েছে। অক্সফাম ৭ হাজার ২০০টির বেশি ক্ষতিগ্রস্ত গ্রিনহাউস শনাক্ত করেছে। ফিলিস্তিনিদের বীজ সংরক্ষণ ও বিতরণের কাজে ব্যবহৃত স্থাপনাগুলোও ধ্বংস করা হয়েছে।

হামলার আগে গাজার মৎস্য খাত থেকে বছরে প্রায় ৪ হাজার ৬৬০ টন মাছ উৎপাদিত হতো। মাছের খামার থেকে আরো ৭৫০ টন মাছ পাওয়া যেত।

তবে হামলার পর এ খাতেও বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত প্রতিদিন গড়ে মাছ ধরার পরিমাণ ছিল ২০২২ সালের তুলনায় মাত্র ৭ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদনে গাজার গবাদিপশুর প্রায় ৯৫ শতাংশ হারিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। মাছ উৎপাদন ও কৃষিকাজ আবার শুরু হলেও দূষিত পদার্থ ফসল ও সামুদ্রিক খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে বলে সতর্ক করেছে অক্সফাম।

খাদ্যসংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিবেদনে উদ্ধৃত সমন্বিত খাদ্যনিরাপত্তা পর্যায় শ্রেণিবিন্যাসের (আইপিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে গাজার আনুমানিক ১২ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৫৯ শতাংশ, তীব্র খাদ্যসংকটের মুখে ছিলেন। তাদের পরিস্থিতি সংকটাপন্ন পর্যায়ে বা তার চেয়েও খারাপ ছিল।

ইসরাইলি হামলায় গাজার অর্থনৈতিক ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে গাজার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮৩ শতাংশ কমে ৩৬ কোটি ২০ লাখ ডলারে নেমে আসে।

কৃষিজমি, কর্মশালা ও কারখানা ধ্বংস হওয়ায় বহু মানুষ তাদের আয়ের উৎস হারিয়েছেন। একই সঙ্গে কাজ শুরু করার মতো প্রয়োজনীয় অবকাঠামো ও উপকরণও নষ্ট হয়েছে। ধ্বংসস্তূপ সরানো, মেরামত ও কৃষিকাজ করতে গিয়ে শ্রমিকেরা আগামী বহু বছর অ্যাসবেস্টস, সিলিকা ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসার ঝুঁকিতে থাকবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার যেসব বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠান মূল্যায়ন করা হয়েছে, সেগুলোর ৯২ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭২ শতাংশ প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ মূল্যায়নের বরাত দিয়ে অক্সফাম জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গাজায় সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫২০ কোটি ডলার। এ সময়ে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২ হাজার ২৭০ কোটি ডলার।

গাজা পুনরুদ্ধার ও পুনর্গঠনে আগামী ১০ বছরে ৭ হাজার ১৪০ কোটি ডলার প্রয়োজন হবে বলে ওই মূল্যায়নে বলা হয়েছে। এর মধ্যে প্রথম ১৮ মাসেই প্রয়োজন হবে ২ হাজার ৬৩০ কোটি ডলার।

যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে আইনি ঝুঁকি

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পানি, খাদ্য ও পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংসের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির অধীনে অপরাধের অভিযোগ মূল্যায়নে প্রাসঙ্গিক হতে পারে। একই সঙ্গে গণহত্যা সনদের অধীনে ইসরাইলের দায় নির্ধারণের ক্ষেত্রেও এসব বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে।

তবে গণহত্যার অভিযোগ প্রমাণ করতে হলে কোনো সুরক্ষিত জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল—এমন প্রমাণ প্রয়োজন। অক্সফাম বলেছে, কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।

গাজার পরিবেশ ও জনস্বাস্থ্য পুনরুদ্ধারে পাঁচ ধাপের একটি পরিকল্পনাও তুলে ধরেছে সংস্থাটি। প্রথম ধাপে নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং মানুষের দূষণের সংস্পর্শ কমানোর কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে বিভিন্ন স্থানের দূষণ পরীক্ষা করতে হবে। তৃতীয় ধাপে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে জরুরি মেরামত করতে হবে।

চতুর্থ ধাপে দূষিত স্থানগুলো পরিষ্কার এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। সবশেষে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করে পুনর্গঠন করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে পরিবেশ পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!