
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪: ৪০
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় দলিল লেখক মাইন উদ্দিনের (৩৬) নিহত হয়েছে।
নিহত মাইন উদ্দিন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার দলিল লেখক ছিলেন। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন।
রোববার সন্ধ্যার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজ শেষে কোম্পানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন মসজিদ থেকে বের হয়ে নিজের অফিসে যান মাইন উদ্দিন। পরে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশায় ওঠার কিছুক্ষণ পর পেছন থেকে একটি ট্রলি সজোরে ধাক্কা দেয়। এতে সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীর একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। পেছন থেকে ট্রলির ধাক্কায় অটোরিকশার সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন