• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ রোহিঙ্গা জিম্মি উদ্ধার নবান্নের সাত আঞ্চলিক পিঠা

কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৭: ৪২

দেশের উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তব প্রয়োজন নেই—এমন কোনো নতুন বিভাগ চালু করা যাবে না। শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই বেকারত্বের কারখানায় পরিণত হতে দেওয়া যাবে না। কর্মসংস্থানের ক্ষেত্রে যেসব বিষয়ের চাহিদা রয়েছে, সেগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। বেকারত্ব দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকীকরণ করতে হবে, যাতে তা সমাজ ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট রয়েছে। এসব বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার ১ দশমিক ২৫ শতাংশ। অথচ উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। একদিকে লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে শিল্প ও সেবা খাতের বিভিন্ন পদে বিদেশি কর্মীরা কাজ করছেন।

তিনি বলেন, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশের শিল্প ও সেবা খাতের কারিগরি ও প্রকৌশল পদগুলোর ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদগুলোর ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি কর্মীদের দখলে রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠদান ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে বড় ধরনের ব্যবধানের বিষয়টি স্পষ্ট হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হওয়ার পাশাপাশি ১৭ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে উল্লেখ করে উপাচার্য বলেন, পরিবর্তিত কর্মবাজারের সঙ্গে খাপ খাওয়াতে উচ্চশিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। এ জন্য পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ, যৌথ গবেষণা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে যুক্ত করার পরামর্শ দেন তিনি।

উপাচার্য আরও বলেন, মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং তা উদ্ভাবনী উদ্যোগে রূপান্তর করতে হবে। রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সক্ষমতা কাজে লাগাতে হবে। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রোল মডেল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়াতে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসি।

সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং যৌথ গবেষণা প্রকল্প বাড়ানোর ওপর গুরুত্ব দেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণা তহবিল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বক্তব্য রাখেন। দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!