• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করার পক্ষে গণরায়

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮: ৪৪

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ৩ নভেম্বর সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইলকে আর কোনো সহায়তা দেওয়া হবে না। এটি ছিল এমন একটি ঘোষণা, যা সবাইকে চমকে দিয়েছিল। তিনি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ‘নেতানিয়াহু এবং আমি একটি চুক্তি করেছিলাম, যার আওতায় আমরা ইসরাইলকে বছরে চার বিলিয়ন মার্কিন ডলার দিতাম। তবে কয়েক মাস আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই সহায়তা বন্ধ করে দেওয়া হবে।’ এরপর তিনি আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী দুটি কথা বলেনÑ‘আমরা ইসরাইলকে আর অর্থ দেব না’ এবং ‘তবে ইসরাইলের প্রয়োজনে আমরা তাদের সাহায্য করব।’

যারা দীর্ঘদিন ধরে ইসরাইলে মার্কিন অর্থায়নের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন, ট্রাম্পের এই ঘোষণায় তাদের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, ট্রাম্পের প্রতিশ্রুতিকে খুব কম মানুষই বিশ্বাস করেন বা গুরুত্বের সঙ্গে নেন। দ্বিতীয়ত, তার এই মন্তব্যকে অনেকেই নির্বাচনের বিপর্যয়কর ফলাফল ঠেকানোর একটি মরিয়া চেষ্টা হিসেবে দেখেছেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে রিপাবলিকান পার্টি তাদের ইতিহাসের অন্যতম অপমানজনক পরাজয়ের মুখোমুখি হয়। ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদÑউভয় কক্ষেই বড় ব্যবধানে জিতেছে। নির্বাচনে এই বিপর্যয়ের পর রিপাবলিকানরা দ্রুতই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। এমনকি ট্রাম্প নিজেও একপর্যায়ে স্বীকার করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নির্বাচনে তাদের পরাজয়ের পেছনে একটি কারণ ছিল। এটি ছিল ট্রাম্পের বেশ অস্বাভাবিক একটি স্বীকারোক্তি।

এরপর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স নির্বাচনের পরদিন ৪ নভেম্বর এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা মধ্যবর্তী নির্বাচনে হেরেছি ইরান যুদ্ধের কারণে।’ তিনি রিপাবলিকান দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে আরো বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্কের ধরন পরিবর্তন করতে হবে।’ ইসরাইলের নাম উল্লেখ করার কারণে নিজ দলের ভেতরেই সমালোচনার মুখে পড়েন ভ্যান্স, তবু এটি স্পষ্ট হয়ে ওঠে, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থন এখন রিপাবলিকানদের জন্য একটি বড় রাজনৈতিক দায় বা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। এই নির্বাচনেও ইসরাইল ইস্যু ভোটারদের মধ্যে বড় প্রভাব ফেলতে পারে।

নির্বাচনের দিন ট্রাম্প ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের একটি বড় কারণ বলে যে ঘোষণাটি দিয়েছিলেন, তা ছিল মূলত ভোটারদের প্রভাবিত করার একটি কৌশল। তবে এতে তিনি সফল হননি। কিন্তু এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, ইসরাইলের সঙ্গে রিপাবলিকানদের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তাদের রাজনৈতিক সংকটের একটি বড় কারণ হয়ে উঠেছে। ইসরাইলকে চার বিলিয়ন ডলার সহায়তা প্রদানের ইস্যুটিকে সমালোচকরা নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।

দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যে রিপাবলিকানদের ক্ষতি করেছে, ট্রাম্পের এই স্বীকারোক্তিটি মূলত ইসরাইলের সঙ্গে সেই সম্পর্কের বিষয়টিকেই সামনে নিয়ে আসে, যা নিয়ে ভ্যান্স আরো খোলাখুলি কথা বলতে প্রস্তুত ছিলেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ আমেরিকার যুদ্ধ ছিল না, এটি ছিল নেতানিয়াহুর যুদ্ধ। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এই আগ্রাসন চালিয়েছিলেন। আর এর সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য দিতে হয়েছে ওয়াশিংটনকে।

এটি কোনো অতিরঞ্জিত কথা নয়। নেতানিয়াহু বারবার ইরানকে ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরেছেন, অন্যদিকে তার কট্টর ডানপন্থি মিত্ররা এই যুদ্ধে মার্কিন সামরিক সম্পৃক্ততাকে প্রকাশ্যে উদযাপন করেছে। বিস্ময়কর ব্যাপার হলো, ওয়াশিংটনের নিজস্ব ‘২০২৬ জাতীয় প্রতিরক্ষা কৌশল’ এ মার্কিন ভূখণ্ডের সুরক্ষা এবং পশ্চিম গোলার্ধে মার্কিন স্বার্থ সমুন্নত রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। অথচ ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরো একটি ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে পড়েছে।

মূলধারার গণমাধ্যমের বাইরে কাজ করা স্বতন্ত্র সাংবাদিক ও বিশ্লেষকদের কল্যাণে আমেরিকানরা এখন ক্রমেই সচেতন হয়ে উঠছেন এবং তারা বুঝতে পারছেন, ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সম্পর্কটি তাদের দেশের অর্থনীতি, সামরিক অবস্থান এবং আন্তর্জাতিক ইমেজের ওপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলেছে।

কুইনিপিয়াক ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বর্তমানে নিবন্ধিত মার্কিন ভোটারদের ৪৮ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রয়োজনের তুলনায় বেশি সমর্থন দিচ্ছে। অথচ ২০১৭ সালের জানুয়ারিতে এই হার ছিল মাত্র ১৬ শতাংশ। এই ক্রমবর্ধমান সচেতনতা এবং মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে আসা বড় ধরনের পরিবর্তন সত্ত্বেও তা রিপাবলিকানদের ইসরাইলপ্রীতিতে পরিবর্তনের নিশ্চয়তা দেওয়ার জন্য যথেষ্ট নয়।

তবু, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আশার একটি বড় আলো দেখিয়েছে। এটি প্রমাণ করে যে, আমেরিকার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি। সাধারণ মানুষের মধ্যে এখন যথেষ্ট জ্ঞান ও সংকল্প রয়েছে, যা দিয়ে তারা শক্তিশালী স্বার্থান্বেষী গোষ্ঠী, বড় বড় দাতা এবং পর্দার আড়ালে থাকা সেসব এজেন্ডাকে চ্যালেঞ্জ জানাতে পারে, যারা দেশটির পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। এখানে যে মৌলিক শিক্ষাটি রয়েছে তা হলোÑআমেরিকানরা এখন আর শুধু ফাঁকা প্রতিশ্রুতিতে সন্তুষ্ট থাকতে চান না।

ইসরাইল হলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক সহায়তা পাওয়া দেশ। ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর প্রাক্কলন অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরাইলকে যে সহায়তা দিয়েছে, তা মুদ্রাস্ফীতির হিসাব ধরে সমন্বয় করলে এই অর্থের পরিমাণ ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি। তবে, এই বিশাল অঙ্কটি পুরো পরিস্থিতির অর্ধেকও তুলে ধরে না। ওয়াশিংটন সবসময়ই ইসরাইলের যুদ্ধগুলোতে অর্থায়নের এমন সব উপায় খুঁজে বের করেছে, যা তাদের ঘোষিত বার্ষিক ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার বাইরে।

উদাহরণস্বরূপ, ২০২৪ সালের এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন একটি জরুরি আইনে স্বাক্ষর করেন, যার মাধ্যমে ইসরাইলকে নিয়মিত বার্ষিক বরাদ্দের বাইরে আরো ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের সরাসরি সামরিক সহায়তা দেওয়া হয়। এই অর্থের মধ্যে ছিল ‘ফরেন মিলিটারি ফাইন্যান্সিং’ (বিদেশি সামরিক অর্থায়ন) খাতে অতিরিক্ত ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির জন্য ৫ দশমিক ২ বিলিয়ন ডলার।

অর্থায়নের এই অসাধারণ কৌশলগুলো প্রমাণ করে, নিয়মিত সহায়তা যখন রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে ওঠে, তখনো ওয়াশিংটন অন্য কৌশলে ইসরাইলের সামরিক খাতে অর্থায়ন অব্যাহত রাখতে পারে। আর এটি শুধু পরিস্থিতির একটি অংশ মাত্র। মার্কিন কংগ্রেস বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাবগুলো বিবেচনা করছে, এর ফলে পেন্টাগনের গবেষণা, উন্নয়ন ও সরঞ্জাম সংগ্রহের খাতে আরো বেশি অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসরাইল আমেরিকান সামরিক ব্যয়ের বিলিয়ন বিলিয়ন ডলার থেকে সুবিধা পেতে থাকবে, অথচ এই ব্যয়গুলোকে প্রথাগত ‘বিদেশি সহায়তা’ হিসেবে চিহ্নিত করা হবে না। সুতরাং, ট্রাম্প যা প্রস্তাব করছেন তা অনেকটা কৌশলী কারসাজির মতো, ‘সহায়তা’র মতো রাজনৈতিকভাবে ক্ষতিকর তকমাটি সরিয়ে ফেলা, অথচ সামরিক সম্পর্কটিকে আগের মতোই বজায় রাখা, এমনকি হয়তো সেটিকে আরো সম্প্রসারিত করা।

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস হয়তো এগুলোর মধ্যে কিছু উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে। তবে অনেক ডেমোক্র্যাট এখনো ইসরাইলের কট্টর সমর্থক এবং যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ইহুদি লবি ‘আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’ (আইপ্যাক) কংগ্রেস নির্বাচনে নিজেদের প্রভাব বজায় রাখতে বিপুল অর্থ ব্যয় অব্যাহত রাখবে।

এটি সত্য, এই লবির সঙ্গে সম্পৃক্ততা কিছু প্রার্থীর জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। তবে আশা করা যায়, আইপ্যাক

এবং তাদের মিত্ররা নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে বিকল্প কৌশল, রাজনৈতিক মাধ্যম ও নতুন জোট খোঁজার চেষ্টা করবে। নির্বাচনের ফল নিঃসন্দেহে সঠিক পথে একটি বড় পদক্ষেপ, কিন্তু আমেরিকার রাজনৈতিক গৃহযুদ্ধ শুধু শুরু হয়েছে মাত্র, যেমন প্রগতিশীল ডেমোক্র্যাট বনাম দলের নীতিনির্ধারক গোষ্ঠী, হতাশ রিপাবলিকান বনাম ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) সমর্থক গোষ্ঠী, কিংবা স্বাধীন গণমাধ্যম বনাম মূলধারার প্রতিষ্ঠানগুলোর মধ্যকার দ্বন্দ্ব।

তবে, আশার কথা হলো, প্রজন্মের পর প্রজন্ম ধরে বিবেকবান আমেরিকানদের নিরলস প্রচেষ্টা অবশেষে ফল দিতে শুরু করেছে। তাদের এই প্রচেষ্টার কারণেই লাখ লাখ আমেরিকান এখন বুঝতে শুরু করেছেন, ইসরাইল তাদের দেশের বন্ধু নয়। আর এর প্রতিফলন ঘটেছে এবারের মধ্যবর্তী নির্বাচনে।

এশিয়া টাইমস অবলম্বনে মোতালেব জামালী

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!