
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৮: ৩৭
নারীর প্রতি সহিংসতা ও নারীবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে মিছিল করেছেন শত শত পুরুষ। তাদের দাবি, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের আরো কার্যকর ভূমিকা নিতে হবে। শুধু প্রতিবাদ জানানো নয়, এ সমস্যা মোকাবিলায় পুরুষদেরই সামনে এগিয়ে আসতে হবে।
শনিবার দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অনলাইনে কিশোর ও তরুণদের মধ্যে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়া নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, নারীবিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের আরো শক্তিশালী অবস্থান তৈরি করা জরুরি।
অনলাইনে ডানপন্থি ‘ম্যানোস্ফিয়ার’ নেটওয়ার্কের মাধ্যমে এ ধরনের মনোভাব ছড়ানো হচ্ছে। এটি বিভিন্ন অনলাইন ফোরাম ও প্রভাবশালীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক। এসব প্ল্যাটফর্মে পুরুষের শ্রেষ্ঠত্ব প্রচার এবং নারীবাদের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এ ধরনের প্রভাবশালীরা আরো উৎসাহিত হন। অনলাইনে নারীদের নিয়ে বিদ্রূপ ও হুমকি ছড়ানোর ক্ষেত্রেও তারা সক্রিয় হয়ে ওঠেন।
বার্নের বিক্ষোভের সহ-আয়োজক ক্রিস্টফ গোস্তেলি বলেন, ‘আমরা পুরুষেরাও সমস্যার অংশ। আর সমস্যাটি হলো নারী ও কুইয়ার জনগোষ্ঠীর প্রতি সহিংসতা। এ কারণেই আমাদের অবস্থান নেওয়া জরুরি। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’
৪২ বছর বয়সি গোস্তেলি একজন সমাজকর্মী। ‘মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে তিনি এ কর্মসূচির আয়োজন করেন।
এদিকে গত জুনে জুরিখ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়কারী সংস্থা মেনকেয়ার একটি জরিপ প্রকাশ করে। এতে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সি পুরুষ উত্তরদাতাদের অর্ধেকই পুরুষত্ব সম্পর্কে ‘সংকীর্ণ ও আধিপত্যভিত্তিক’ ধারণা পোষণ করেন। তাদের মধ্যে এমন উদ্বেগও রয়েছে যে সমাজে ‘প্রকৃত পুরুষেরা’ ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন।
জরিপের গবেষকেরা মনে করেন, সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের ধারণা নিয়ে সমাজজুড়ে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। এ আলোচনা স্কুল থেকেই শুরু করার সুপারিশ করেছেন তারা।
নারীর প্রতি অনলাইনে সহিংসতা ও হয়রানির ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে সুইজারল্যান্ডের সরকারের। এ মাসের শুরুর দিকে এ বিষয়ে আয়োজিত একটি সম্মেলনে অংশ নেন দেশটির বিচারমন্ত্রী বিট ইয়ান্স।
গত ২ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচ ভাগের চার ভাগই পুরুষেরা করেন। ধর্ষণের ঘটনায় এ হার ৯৯ শতাংশ পর্যন্ত।
বিট ইয়ান্স বলেন, ‘সব পুরুষ এমন নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় প্রতিবারই অপরাধী পুরুষ।’
তিনি আরো বলেন, ‘পুরুষের সহিংসতা প্রথম আঘাত দিয়ে শুরু হয় না; শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। পুরুষ হিসেবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন