
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
কারাগারে যাওয়া দুই আসামি হলেন চিত্রনায়ক মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)।
.
আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিত্রনায়ক মান্না ২০০৮ সালে মারা যান। তাঁর ব্যবহৃত এই গাড়ি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেটি মেরামতের উদ্যোগ নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। আসামিরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগাননি। বুধবার তাঁদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখা প্রয়োজন।
.
মামলার এজাহার সূত্রে জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন মান্নার স্ত্রী। গাড়িটি থেকে তেল চুইয়ে পড়ার কারণে বাড়ির কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। তখন মান্নার স্ত্রী তাঁর ব্যবস্থাপক মামুনকে গাড়িটি বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামতের নির্দেশ দেন। কিন্তু মামুন সেই নির্দেশ না মেনে সোমবার টেকনিশিয়ান সোহেলকে নিয়ে গ্যারেজের ভেতরেই কাজ শুরু করেন।
সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গাড়িটিতে আগুন লেগে যায়। এতে মান্নার ব্যবহৃত গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে থাকা আরেকটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ভবনের গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায় এবং ভবনের বিভিন্ন অংশের কাচ ভেঙে যায়। এতে আনুমানিক ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
.
এ ঘটনায় ভবনের ব্যবস্থাপক মো. গাজি মানিক মিয়া মঙ্গলবার সকালে ভাটারা থানায় মামলা করেন। এরপর বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। গাড়িটি বাইরে নিয়ে মেরামত করার কথা থাকলেও তাঁরা মেকানিক ডেকে ভবনের ভেতরেই কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।