
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীদের কবলে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। “উত্তরা ঐক্য জনতা”র ব্যানারে সাধারণ মানুষ রাস্তায় নেমে এই হত্যাকাণ্ডের বিচার এবং ছিনতাই সিন্ডিকেট নির্মূলের দাবি জানিয়েছে।
বিক্ষোভকারীরা জানান, উত্তরায় ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। সমাবেশে প্রদর্শিত ব্যানারে প্রশ্ন তোলা হয়— “আমার বোন মরলো কেন? প্রশাসনের জবাব চাই!”
এলাকাবাসীর অভিযোগ, শক্তিশালী একটি সিন্ডিকেট এই ছিনতাই চক্র নিয়ন্ত্রণ করছে। তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং উত্তরার প্রতিটি রাস্তায় পুলিশি নিরাপত্তা বাড়ানোর জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।