
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৪: ২৩
জাতীয় জরুরি পরিস্থিতিতে অন্তত ৭২ ঘণ্টা নিজেদের প্রয়োজন মেটানোর প্রস্তুতি রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে গত ২২ অক্টোবর ‘বি রেডি’ নামে তিন বছর মেয়াদি সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। এতে বিদ্যুৎ, পানি, টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেলে কীভাবে নিজেদের সামলে নিতে হবে, সে বিষয়ে পরিবারগুলোকে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রচার শুরুর পর দেশটির ইংল্যান্ড ও ওয়েলসে বোতলজাত পানি, টিনজাত খাবার, হাত পরিষ্কারের জীবাণুনাশকসহ জরুরি পণ্যের বিক্রি বেড়েছে।
খুচরা বাজারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডপ্যানেল বাই নিউমেরেটরের তথ্য অনুযায়ী, প্রচার শুরুর প্রথম ১০ দিনে বোতলজাত পানির বিক্রি বেড়েছে ৬৭ শতাংশ। টিন ও বয়ামে সংরক্ষিত খাবারের বিক্রি বেড়েছে ৩৭ শতাংশ। হাত পরিষ্কারের জীবাণুনাশকের বিক্রি বেড়েছে ৮৩ শতাংশ। এ ছাড়া কয়েকটি বিক্রয়কেন্দ্রে হাত ঘুরিয়ে চালানো রেডিও, টর্চ ও পাওয়ার ব্যাংকের মজুত শেষ হয়ে গেছে।
করোনাভাইরাস মহামারির সময়ের কেনাকাটার কথা মনে করিয়ে দিচ্ছে এই পরিস্থিতি। তখন সুপারমার্কেটগুলোতে টয়লেট পেপারের তীব্র সংকট দেখা দিয়েছিল। অনলাইন বিক্রেতাদের কেউ কেউ অতিরিক্ত দামেও পণ্য বিক্রি করেছিলেন। তবে ব্রিটিশ সরকার বলছে, আতঙ্ক ছড়ানো নয়, নাগরিকদের সচেতন ও প্রস্তুত করাই এই প্রচারের লক্ষ্য।
প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এ প্রচারের সবচেয়ে পরিচিত মুখ। তার ভাষায়, সরকার চায় মানুষ ‘সতর্ক থাকুক, আতঙ্কিত নয়’। কিন্তু ‘বি রেডি’ আসলে কী, কেন এই উদ্যোগ এবং নাগরিকদের জন্য এমন প্রস্তুতি কতটা জরুরি?
ব্রিটিশ সরকারের মন্ত্রিসভা কার্যালয় বা ক্যাবিনেট অফিস তিন বছর মেয়াদি এই জনসচেতনতামূলক প্রচার পরিচালনা করছে। ২২ অক্টোবর এর প্রথম ধাপ শুরু হয়। এতে ইংল্যান্ড ও ওয়েলসের পরিবারগুলোকে বলা হয়েছে, জাতীয় জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ, পানি, টেলিফোন ও ইন্টারনেট সেবা একসঙ্গে বন্ধ হয়ে গেলে যেন তারা অন্তত ৭২ ঘণ্টা নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে পারে।
সরকারের যুক্তি, পরিবারগুলো তিন দিন নিজেদের সামলে নিতে পারলে জরুরি সেবার কর্মীরা বেশি বিপদে থাকা মানুষের দিকে মনোযোগ দিতে পারবেন।
প্রচারের ওয়েবসাইটে জরুরি প্রস্তুতির জন্য একটি তালিকা দেওয়া হয়েছে। এতে বোতলজাত পানি এবং ফ্রিজে সংরক্ষণের প্রয়োজন হয় না—এমন দীর্ঘদিন ভালো থাকে এমন খাবার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এসব খাবারের মধ্যে রয়েছে টিনজাত খাবার, শুকনো ফল ও বাদাম।
এ ছাড়া টর্চ, অতিরিক্ত ব্যাটারি, চার্জ দেওয়া পাওয়ার ব্যাংক এবং হাত ঘুরিয়ে বা ব্যাটারির সাহায্যে চালানো যায় এমন রেডিও রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কার্ডে লেনদেন বন্ধ হয়ে গেলে ব্যবহারের জন্য কিছু নগদ অর্থ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, প্রয়োজনীয় ওষুধ, গরম কাপড় ও কম্বলও হাতের কাছে রাখতে বলা হয়েছে।
নতুন ওয়েবসাইটে ইংল্যান্ড ও ওয়েলসের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দারা যথাক্রমে ‘রেডি স্কটল্যান্ড’ ও ‘এনআই ডিরেক্ট’ থেকে এ বিষয়ে নির্দেশনা পাবেন। প্রচারের বার্তা ছড়িয়ে দিতে দাতব্য সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ ৫০০টির বেশি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
জরুরি পরিস্থিতিতে পরিবারের প্রস্তুতি নিয়ে সরকারি নির্দেশনা অবশ্য নতুন নয়। ২০২৪ সালের মে থেকেই এ ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন বিষয় হলো, এবার মানুষকে শুধু নির্দেশনা জানানো নয়, বাস্তবে প্রস্তুতি নেওয়ার জন্যও উৎসাহিত করা হচ্ছে।
সরকারের ভাষ্য, প্রচারের মূল লক্ষ্য ঝড়, বন্যা, দাবানল ও পানির পাইপ ফেটে যাওয়ার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পরিবারগুলোকে প্রস্তুত রাখা। চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যজুড়ে কয়েক মাস ধরে তাপপ্রবাহ, খরা ও দাবানলের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিও নতুন উদ্যোগের পেছনে ভূমিকা রেখেছে।
সরকারের বক্তব্য, জরুরি পরিস্থিতির জন্য ব্রিটিশ পরিবারগুলোর প্রস্তুতি খুবই কম। চলতি বছর ক্যাবিনেট অফিসের এক জরিপে দেখা গেছে, মাত্র ১৩ শতাংশ মানুষ মনে করেন, তাঁদের পরিবার জরুরি পরিস্থিতি মোকাবিলায় অনেকটাই বা পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে ৮৪ শতাংশ মানুষ এ বিষয়ে সরকারের কাছ থেকে আরও পরামর্শ চান।
স্বাধীন গবেষণাতেও একই ধরনের চিত্র উঠে এসেছে। বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের ২০২৫ সালের এক জরিপে ৯৩১ জন অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ‘ইএম-প্রিপেয়ার’ প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত এ গবেষণায় দেখা যায়, মাত্র ৫২ শতাংশ মানুষ মনে করেন, তারা নিজেদের সামনে থাকা ঝুঁকিগুলো সম্পর্কে জানেন। ২১ শতাংশ বলেছেন, তারা এসব ঝুঁকি সম্পর্কে একেবারেই সচেতন নন। তবে ৮১ শতাংশ মানুষ জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরো প্রস্তুতি নিতে আগ্রহী।
গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের সরকারি ব্যয়ের নজরদারি সংস্থা ন্যাশনাল অডিট অফিস দেশটির খাদ্য সরবরাহব্যবস্থার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে।
নিরাপত্তা পরিস্থিতিও সরকারের এই উদ্যোগের পেছনে কাজ করছে। মন্ত্রীরা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের তৎপরতার ঝুঁকির কথা উল্লেখ করেছেন। স্মরণ দিবসে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী লর্ড কোকার বলেন, মাত্র ১৩ শতাংশ পরিবার প্রস্তুত থাকার তথ্যই ‘বি রেডি’ প্রচার শুরুর কারণ ব্যাখ্যা করে।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্য এ ধরনের উদ্যোগ নিতে কিছুটা দেরি করেছে। ২০২৫ সালের মার্চে ইউরোপীয় কমিশন ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’ গ্রহণ করে। এতে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা নিজেদের প্রয়োজন মেটানোর মতো প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে সুইডেন দেশটির পরিবারগুলোর কাছে সংকট মোকাবিলার প্রস্তুতিবিষয়ক ৫২ লাখ পুস্তিকা পাঠায়। ফিনল্যান্ড, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রেও এ ধরনের প্রচার চলছে।
‘বি রেডি’ প্রচার শুরুর পর ইংল্যান্ড ও ওয়েলসে ক্রেতাদের মধ্যে জরুরি পণ্য কেনার প্রবণতা বেড়েছে। সুপারমার্কেট চেইন আইসল্যান্ড জানিয়েছে, প্রচারের প্রথম সপ্তাহান্তে তাদের টিনজাত পণ্যের বিক্রি ৪০ শতাংশ বেড়েছে। টিনজাত খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিন্সেস জানিয়েছে, টুনা মাছ, মাংস ও সবজির চাহিদা বিশেষভাবে বেড়েছে।
ওয়ার্ল্ডপ্যানেলের তথ্য অনুযায়ী, প্রচার শুরুর পরপরই প্রতিদিন আগের তুলনায় অতিরিক্ত চার লাখ মানুষ টিনজাত মাংস কিনেছেন।
এদিকে মেটাল প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের অংশ ক্যানড ফুড ইউকে টিনজাত খাবার ব্যবহারে উৎসাহ দিতে নতুন প্রচার শুরু করেছে। এতে টেলিভিশনের রন্ধনশিল্পী ও লেখক থিও মাইকেলসকে যুক্ত করা হয়েছে। তিনি টিনজাত খাবার দিয়ে সুস্বাদু রান্নার পদ্ধতি দেখাচ্ছেন।
খাবারের পাশাপাশি ইলেকট্রনিক পণ্যের চাহিদাও বেড়েছে। ইলেকট্রনিকস বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাপলিন জানিয়েছে, কয়েক দিনের মধ্যে তাদের টর্চ বিক্রি ২৮৪ শতাংশ বেড়েছে। রেডিওর বিক্রি বেড়েছে ৯২ শতাংশ এবং পাওয়ার ব্যাংকের ১০৬ শতাংশ।
হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা রবার্ট ডায়াস জানিয়েছে, তাদের রেডিও বিক্রি বেড়েছে ১৬০ শতাংশ। প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় অন্তত সাত ধরনের হাত ঘুরিয়ে চালানো রেডিওর মজুত শেষ হয়ে গেছে।
প্রচারের মূল উদ্দেশ্য নিয়ে খুব বেশি আপত্তি না থাকলেও এর ভাষা ও উপস্থাপন নিয়ে সমালোচনা হয়েছে। বিবিসির ‘কোয়েশ্চেন টাইম’ অনুষ্ঠানে এক দর্শক ওয়েস স্ট্রিটিংয়ের বিরুদ্ধে ‘আতঙ্ক ছড়ানোর’ অভিযোগ তোলেন। তার আশঙ্কা, এ ধরনের পরামর্শে মানুষ প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনতে শুরু করতে পারে।
জবাবে স্ট্রিটিং বলেন, এই প্রচারের লক্ষ্য দৈনন্দিন জরুরি পরিস্থিতি মোকাবিলা। দাবানল, বন্যা ও পাইপে পানি জমে বরফ হয়ে যাওয়ার মতো ঘটনা থেকেই এমন প্রস্তুতির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
বিরোধী দলের নেতাদের অনেকে অবশ্য উদ্যোগটির মূল ধারণাকে সমর্থন করেছেন। কনজারভেটিভ পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী টম টুগেনড্যাট এ পরামর্শকে ‘সম্পূর্ণ যুক্তিসংগত’ বলে মন্তব্য করেছেন।
তবে জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব কতটা ব্যক্তিগত পরিবারের ওপর দেওয়া উচিত, তা নিয়ে বিশ্লেষক ও দাতব্য সংস্থাগুলোর মধ্যে মতভেদ রয়েছে। প্রচারের অংশীদার ব্রিটিশ রেড ক্রস উদ্যোগটিকে সমর্থন করেছে। সংস্থাটির মতে, সাধারণ কিছু প্রস্তুতি মানুষকে নিজেদের পাশাপাশি বন্ধু, পরিবার ও প্রতিবেশীদের সহায়তা করতেও সক্ষম করে।
অন্যদিকে ১৮০ জনের বেশি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, কৃষক ও সামাজিক খাদ্যব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটি খোলা চিঠিতে সতর্ক করেছেন, যুক্তরাজ্যের ২৯ শতাংশ মানুষের তিন দিনের খাবার মজুত করার সামর্থ্য নেই। তাদের মতে, শুধু পরিবারগুলোর ব্যক্তিগত প্রস্তুতির ওপর নির্ভর করা ঠিক হবে না। বরং জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে খাদ্য মজুতের ব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
গত ২ নভেম্বর পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কৌশলবিষয়ক যৌথ কমিটি জনসাধারণের প্রস্তুতি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে। তাদের মধ্যে ছিলেন বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও সংকট ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক লি মাইলস। তিনি ‘ইএম-প্রিপেয়ার’ প্রকল্পের আওতায় পরিবারগুলোর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়ে গবেষণা করেছেন।
তার গবেষণায় দেখা গেছে, ৭৫ শতাংশ পরিবারের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উল্লেখযোগ্য কোনো প্রস্তুতি নেই। প্রায় ৬৯ শতাংশ পরিবার প্রস্তুতি বাড়ানোর কাজে এক দিনের বেশি সময় ব্যয় করতে রাজি নয়।
পার্লামেন্টের কমিটিকে মাইলস বলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের বাস্তবে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করতে হবে।
তার ভাষায়, ‘বি রেডি’ প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটিকে ‘প্রস্তুত থাকা’ বা ‘বিইং রেডি’ উদ্যোগে পরিণত করা।
তিনি আরো সতর্ক করেন, স্থানীয় পর্যায়ের দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোর ওপর দায়িত্ব বাড়ানো হলে তাদের যথাযথ অর্থায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে।
মাইলস বলেন, প্রয়োজনীয় অর্থায়ন ছাড়া এসব সংস্থাকে দায়িত্ব দেওয়া হলে প্রত্যাশিত সেবা দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না।
উদ্যোগটির সমর্থকদের মতে, সরকারের পরামর্শ খুব বেশি কিছু নয়; বরং অনেক আগেই এ ধরনের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। ইউরোপের অনেক দেশেই অন্তত তিন দিনের জরুরি সরঞ্জাম ও খাবার মজুত রাখার পরামর্শ দেওয়া হয়।
২০২৫ সালে আইবেরীয় উপদ্বীপে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনাও দেখিয়েছে, কত দ্রুত জরুরি সেবা অচল হয়ে পড়তে পারে। ওই ঘটনায় স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে গণপরিবহনব্যবস্থা অচল হয়ে পড়ে, সড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং ফ্লাইট চলাচল ব্যাহত হয়। বাসিন্দারা এটিএম বুথ থেকে নগদ অর্থ তুলতে পারেননি। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ তখন দ্রুত বিদ্যুৎব্যবস্থা সচল করার চেষ্টা চালায়।
সমর্থকদের যুক্তি, মাত্র প্রতি আটজন ব্রিটিশের একজন নিজেকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত মনে করেন। তাই সংকট দেখা দেওয়ার পর আতঙ্কিত হওয়ার চেয়ে আগে থেকেই শান্তভাবে প্রস্তুতি নেওয়া ভালো। এখন পর্যন্ত বাজারের তথ্যও বলছে, অধিকাংশ মানুষ প্রচারের পর আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় পণ্য কিনছেন।
বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মানুষের ঝুঁকি সম্পর্কে ধারণার একটি ভিন্ন চিত্র পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন ধরনের বিপদ তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। তাদের ৩৫ শতাংশ মনে করেন, বাড়িতে দুর্ঘটনার ঝুঁকিই সবচেয়ে বেশি। বিপরীতে মাত্র ৫ শতাংশ যুদ্ধ ও সংঘাতের কথা বলেছেন। সন্ত্রাসবাদকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন ৪ শতাংশ।
অধ্যাপক লি মাইলসের মতে, মানুষের কাছে ঝুঁকি সম্পর্কে আরো লক্ষ্যভিত্তিক তথ্য পৌঁছানো প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পরিবারগুলোকে নিজেদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়তা করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০