
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কোনো মবের মুখোমুখি হতে হবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এ কথা বলেন।
শেখ হাসিনার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা যাঁকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের ধরেবেঁধে আনতে হলো না। উনি এলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তা–ই হবে।’
.
তবে শেখ হাসিনার দেশে ফিরবেন কি না, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন জাহেদ উর রহমান। তাঁর ভাষ্যমতে, এ আলোচনা চলতে থাকবে।
শেখ হাসিনার দেশে ফিরলে কী হতে পারে, সে বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘উনি (শেখ হাসিনা) দেশে ফিরে এলে ন্যায়বিচার ফেস করবেন। উনি কোনো মব ফেস করবেন না। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।’
জাহেদ উর রহমান আরও বলেন, ‘...উনি (শেখ হাসিনা) ন্যায়বিচার করেননি। আমরা ন্যায়বিচার দিয়ে সেটা করব। আসুক, ওনাকে ওয়েলকাম।’
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০