
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৩: ১৫
রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে সুইজারল্যান্ড। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানিয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক লিখিত জবাবে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় এই রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজের দেওয়া প্রথম রায় এটি।
মন্ত্রণালয় বলেছে, ‘রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের ন্যায়বিচার নিশ্চিত এবং অপরাধের দায়বদ্ধতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় এই রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করে সুইজারল্যান্ড।’
একই সঙ্গে আদালতের সিদ্ধান্ত মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি প্রত্যাশা জানিয়েছে দেশটি।
তবে মিয়ানমারের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নেওয়া কিংবা আইসিজের রায় বাস্তবায়নে সহায়তার বিষয়ে সুইজারল্যান্ডের পরিকল্পনা জানতে চাওয়া হলে মন্ত্রণালয় সরাসরি কোনো উত্তর দেয়নি।
এর আগে বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজেকে জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিশ্বব্যবস্থা বজায় রাখার অন্যতম কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে রায়ের আওতাভুক্ত বাধ্যবাধকতা মেনে চলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানায়।
উল্লেখ্য, মিয়ানমারের বিরুদ্ধে সুইজারল্যান্ডের আগে থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ দমন-পীড়নে ব্যবহার হতে পারে এমন পণ্য রপ্তানিতে বিধিনিষেধ, সম্পদ জব্দ এবং নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০০০ সালে প্রথম মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে সুইজারল্যান্ড। ২০১২ সালে অধিকাংশ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও অস্ত্র নিষেধাজ্ঞা বহাল থাকে। পরে ২০১৮ সালে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর আর্থিক ও ভ্রমণসংক্রান্ত নতুন বিধিনিষেধ আরোপ করে দেশটি।
গত বৃহস্পতিবার আইসিজে রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে দেশটি।
আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে পরবর্তী কার্যক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। মিয়ানমারকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি জানাতে দুই বছর সময় দিয়েছে আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০