
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ৪৮
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা রাজধানীতে একত্রিত হয়ে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে এ ধরনের হামলার পরিকল্পনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।
বিবৃতিতে ঢাবি সাদা দলের নেতারা আরো বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় অস্থিতিশীলতা ও ভীতির পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।
ঢাবি সাদা দলের নেতারা আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০