
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০: ৫০
সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চলে নতুন মসজিদ নির্মাণের পাশাপাশি পুরোনো মসজিদ সংস্কার ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। রাশিয়ার মুসলিম ধর্মীয় সংগঠনগুলোর বিভিন্ন সময়ের তথ্যেও এই অগ্রগতির চিত্র উঠে এসেছে।
সোভিয়েত-পরবর্তী সময়ে মসজিদের সংখ্যা বৃদ্ধি
২০২২ সালের মে মাসে দেশটির সেন্ট্রাল স্পিরিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব মুসলিমসের প্রধান মুফতি তালগাত তাজউদ্দিন জানান, আগের ৩৩ বছরে রাশিয়ায় প্রায় সাড়ে ৭ হাজার মসজিদ নির্মিত হয়েছে। একই সময়ে সাতটি ইসলামি বিশ্ববিদ্যালয় ও বুলগার ইসলামিক একাডেমিও প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ২০১৫ সালে রাশিয়ার মুফতি কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছিলেন, আগের দুই দশকে দেশটিতে ৮ হাজারের বেশি মসজিদ ও মাদ্রাসা নির্মিত হয়েছে। তবে এ হিসাবের মধ্যে মসজিদের পাশাপাশি মাদ্রাসাও অন্তর্ভুক্ত ছিল।
রাশিয়ার তাতারস্তান, বাশকোর্তোস্তান, চেচনিয়া ও দাগেস্তানসহ বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ রয়েছে। এসব অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের বসবাস এবং ধর্মীয় ঐতিহ্য মসজিদ ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান বিকাশে ভূমিকা রেখেছে।
রাশিয়ায় ২ কোটির বেশি মুসলিম
রাশিয়ায় ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। রুশ ফেডারেশনে ২০ কোটিরও বেশি মানুষ বসবাস করলেও মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ২ কোটির বেশি বলে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।
২০২৬ সালের ১৬ মার্চ ইসলামবিদ্বেষ মোকাবিলায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি মারিয়া জাবোলোৎস্কায়া জানান, দেশটিতে ২০ মিলিয়নের বেশি মুসলিম বসবাস করেন। তিনি বলেন, ইসলামি শিক্ষা ও ধর্মীয় অবকাঠামোর উন্নয়ন রাশিয়ার রাষ্ট্রীয় নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মসজিদ নির্মাণ ও সংস্কারের পাশাপাশি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও দেশটির কর্তৃপক্ষ সহায়তা দিয়ে থাকে।
রাশিয়ার এই ধর্মীয় অবকাঠামোর মধ্যে রয়েছে বুলগার ইসলামিক একাডেমি, রাশিয়ান ইসলামিক ইনস্টিটিউট এবং মস্কো ইসলামিক ইনস্টিটিউট। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামি শিক্ষা ও ধর্মীয় জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারিত হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য
রাশিয়ায় ইসলামী ধর্মীয় অবকাঠামোর উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৩ সালের নভেম্বরে এক বৈঠকে তিনি জানিয়েছিলেন, দেশজুড়ে প্রায় ৮ হাজার মসজিদ রয়েছে। একই সঙ্গে মসজিদসহ বিভিন্ন ধর্মের উপাসনালয় নির্মাণের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
২০২৩ সালের ৩ নভেম্বর মস্কোর ভিক্টরি মিউজিয়ামে রাশিয়ার পাবলিক চেম্বারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন পুতিন। বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার মুসলিম সংগঠন স্পিরিচুয়াল অ্যাসেম্বলি অব মুসলিমসের প্রধান ও মুফতি আলবির ক্রগানভ।
বৈঠকে রাশিয়ার ধর্মীয় অবকাঠামোর উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে পুতিন বলেন, সোভিয়েত আমলের তুলনায় দেশটিতে বর্তমানে অনেক বেশি ধর্মীয় উপাসনালয় নির্মিত হয়েছে। এ সময় তিনি মসজিদের সংখ্যা হাজার হাজার বলে উল্লেখ করেন। তখন মুফতি আলবির ক্রগানভ সংখ্যাটি ৮ হাজার বলে জানান। পুতিনও দেশজুড়ে ৮ হাজার মসজিদ থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আরব দেশগুলোর বন্ধু ও সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় রাশিয়ায় মসজিদের সংখ্যা শুনে তারা অনেকেই বিস্মিত হন। সংখ্যাটি বিশ্বাস করতেও তাদের অসুবিধা হয়। তবে বিষয়টি তার কাছে বেশ উল্লেখযোগ্য বলে মনে হয়েছে।
পুতিন আরো বলেন, রাশিয়ায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় নির্মাণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে। মানুষের আধ্যাত্মিক সমর্থন ও ধর্মীয় চাহিদা পূরণে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রও এ ধরনের উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে।
সূত্র: ভাইওরি, স্পিরিচুয়াল অ্যাসেম্বলি অব মুসলিমস অব রাশিয়া, ভিশভাস নিউজ ও পার্মানেন্ট মিশন অব দ্য রাশিয়ান ফেডারেশন টু দ্য ইউনাইটেড নেশনস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০