
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৬: ৫০
চারদিকে ফুটবল উন্মাদনা। জাতীয় স্টেডিয়াম লোকে লোকারণ্য। গ্যালারি ভর্তি দর্শক। টিকিটের চাহিদা আকাশচুম্বী। হামজা-ফারহানদের ঘিরে বাড়তি উত্তাপ। সাফের ফাইনাল অন্য রকম এক উৎসবের রাত। আজ বাংলাদেশ দলকে ঘিরে এমন আয়োজনই দেখতে চেয়েছিলেন দেশের কোটি ফুটবল দর্শক। কিন্তু এই স্বপ্নের সমাধি হয়ে গেছে সেমিফাইনাল ম্যাচেই। পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। তাই টুর্নামেন্ট ঘিরে আর আবেদন নেই বাংলাদেশের দর্শকদের মাঝে। তাই নিষ্প্রাণ এক ফাইনালেই আজ পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে।
সাফের ইতিহাসে ১৫টি আসরের মধ্যে ১৪তম ফাইনাল খেলছে ভারত। ৯ বারের চ্যাম্পিয়ন তারা। সর্বশেষ ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে ভারতীয়রা। এবার তাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। অন্যদিকে, এই প্রথম সাফের ফাইনালে খেলছে পাকিস্তান। আগে দুবার সেমিফাইনালে খেলাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। তাই আজ ভারতের দশম ও হ্যাটট্রিক শিরোপা জয় নাকি পাকিস্তানের ইতিহাস গড়ার দিন, সেটির অপেক্ষা। অতীত পরিসংখ্যানেও পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সব প্রতিযোগিতা মিলে দুদল ৩০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারতের জয় ১৭টি, পাকিস্তানের ৪টি। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০