
মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল রউফ সরকার। জীবদ্দশায় তিনি অর্জন করেছিলেন মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। মৃত্যুর পরও সেই ভালোবাসার অনন্য প্রকাশ ঘটল তার কুলখানিতে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো স্মরণ করতে গাজীপুর মহানগরের পূবাইলের খিলগাঁওয়ে সমবেত হন হাজার হাজার মানুষ। স্বজন, সহযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।শুক্রবার বাদ জুমা গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও জামে মসজিদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তার কবর জিয়ারত ও গণভোজের আয়োজন করা হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।দোয়া ও মোনাজাতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে তার অবদান, দেশপ্রেম এবং সমাজের মানুষের প্রতি তার ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হারুন।কুলখানিতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধাগণ, পূবাইল থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকার গত ২১ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ২১ জুলাই বিকেলে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মরহুম আব্দুল রউফ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব আবু বকর সরকারের বাবা। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০