
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০: ৪৫
বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও দখলের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বিডিপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়। এ ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে প্রত্যর্পণ প্রক্রিয়া থেকে স্বেচ্ছায় ফেরার বিষয়টিকে আলাদা করে দেখানোর অবস্থান বাংলাদেশের ন্যায়বিচার ও আইনি প্রক্রিয়ার প্রশ্নকে পাশ কাটানোর সুযোগ তৈরি করতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় এবং প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধকে যথাযথ গুরুত্ব দিয়ে ভারতের দায়িত্বশীল আচরণ করা উচিত।
বিডিপি চেয়ারম্যান আরও বলেন, এর চেয়েও উদ্বেগজনক হলো পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশবিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বাংলাদেশ দখল করার প্রকাশ্য হুমকি। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। বাংলাদেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদাকে চ্যালেঞ্জ করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই।
তিনি বলেন, বাংলাদেশ কোনো রাষ্ট্রের করুণা বা অনুগ্রহে স্বাধীন হয়নি। দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ সব সময় ঐক্যবদ্ধ। বাংলাদেশের জনগণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে কোনো ধরনের আধিপত্যবাদ, হুমকি কিংবা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাশত করবে না।
বিবৃতিতে বিডিপি চেয়ারম্যান ভারতের কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকারকে দৃঢ়, দায়িত্বশীল ও কূটনৈতিকভাবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০