
গত বছর মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএলে এক নজিরবিহীন নাটক মঞ্চস্থ হয়েছিল। তৈরি হয়েছিল রাজনৈতিক জটিলতাও। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কাটার মাস্টারকে দলে ভেড়ালেও বিসিসিআইয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছিল। যার রেশ গড়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের মতো বড় সিদ্ধান্তে। নিরাপত্তা সংকটে নেওয়া হয়েছিল বিশ্বমঞ্চে না খেলার মতো হইচই ফেলে দেওয়া সিদ্ধান্তটি। সেই উত্তাল অধ্যায়ের পর প্রশ্ন উঠেছিলÑআইপিএল আঙিনায় কি আর কখনো দেখা যাবে মোস্তাফিজকে। সব জল্পনা ও সংশয়ের মেঘ কাটিয়ে অবশেষে সেই অচলায়তন ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফের খেলতে আগ্রহী কাটার মাস্টার। আগামী মৌসুমের আইপিএলের মিনি নিলামে নিজের নামও নিবন্ধন করেছেন এই অভিজ্ঞ পেসার।আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বিদেশি মুখ মোস্তাফিজ। ২০১৬ সালের অভিষেক আসরেই চমক দেখিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি, যা টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র বিদেশি হিসেবে এখনো রেকর্ড। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই বাঁহাতি পেসার ৬০ ম্যাচে শিকার করেছেন ৬০ উইকেট। তার এই অভিজ্ঞতা ও মিতব্যয়ী বোলিং যেকোনো দলের জন্যই বড় শক্তি।তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এবারের আয়োজনে কেবল মোস্তাফিজ একা নন, আইপিএলের মিনি নিলামে নাম লেখানোর দৌড়ে আছেন বাংলাদেশের আরো বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। সব মিলিয়ে প্রায় ছয় থেকে সাত বাংলাদেশি তারকা নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের তালিকায় রয়েছেন তরুণ গতির ঝড় তোলা পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে।আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় বসবে আইপিএলের এবারের মিনি নিলাম। মেগা নিলামের মতো দল পুনর্গঠনের সুযোগ না থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো ফাঁকা জায়গা পূরণে মরিয়া থাকবে। এখন দেখার বিষয়, নিলামের টেবিলে মোস্তাফিজের সঙ্গে তরুণ বাংলাদেশি তারকারা কাঙ্ক্ষিত দল পান কি না।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০