
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০: ৪৯
সাংবাদিকদের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিজেই এ তথ্য জানান তিনি। চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৫ বছর বয়সী এই মেয়রকে।
সিটি হলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নগরীর সাংবাদিকদের ওই প্রীতি ম্যাচে অংশ নেন মামদানি। ম্যাচে তাঁৎর দল ১০-৫ গোলে জয় পায়। মাঠে নামার কিছুক্ষণ পরই একটি গোল করেন তিনি। তবে গোল করার পরপরই চোট পান মামদানি। তার অ্যাকিলিস টেন্ডন (পায়ের গোড়ালির সংযোগকারী পেশি) ছিঁড়ে গেছে। এর ফলে তাকে আগামী কয়েক সপ্তাহ একটি মেডিকেল বুট পরে থাকতে হবে।
নিজের চোটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি বলেন, খেলার আগে ‘স্ট্রেচিং’ করেননি তিনি।
তিনি বলেন, ‘যারা জানেন না, তাদের বলছি—গত রাতে আমরা সাংবাদিকদের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছি। ম্যাচে আমরা ১০-৫ গোলে জিতেছি। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই আমি একটি গোলও করি।’
মামদানি আরো বলেন, ‘আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স এখন ৩৫। এর কিছুক্ষণ পরই আমার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।’
চিকিৎসার বিষয়ে মামদানি জানান, আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে। আর ফুটবল মাঠে ফিরতে সময় লাগতে পারে প্রায় নয় মাস।
চোটের কারণে আপাতত শখের ফুটবল থেকে দূরে থাকতে হলেও মেয়র হিসেবে দায়িত্ব পালনে এর কোনো প্রভাব পড়বে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
ফুটবলের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে মামদানির। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালেরও একনিষ্ঠ সমর্থক তিনি। বিভিন্ন সময় তার প্রকাশ্য বক্তব্য ও কর্মকাণ্ডে ফুটবলের প্রতি এই ভালোবাসার প্রতিফলন দেখা গেছে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০