
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৭: ৫৩
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সংসদ সদস্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের বিরুদ্ধে হামলায় কোনো আঞ্চলিক দেশ বা ইউরোপীয় রাষ্ট্র সহায়তা করলে তার পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কাওসারি।
কাওসারি বলেন, ১৯৮৭ সাল থেকেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে আসছে তেহরান। শত্রুপক্ষকে এই জলপথ দিয়ে চলাচল কিংবা অনুপ্রবেশের কোনো সুযোগ দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতার মাধ্যমে এই অবরোধ ভেঙে দেওয়া হবে। শত্রুপক্ষের কর্মকাণ্ডের জবাব কখন এবং কীভাবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে।
এ সময় অঞ্চলটি থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সরে যাওয়ার কারণ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কথা উল্লেখ করেন কাওসারি।
হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত করলে প্রতিবেশী দেশগুলোকেও বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হবে বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে কোনো বিদেশি সামরিক বাহিনীকে নিজ ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সুযোগ না দিতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান।
কাওসারি বলেন, ‘যে দেশই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সক্ষমতা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে, তাকে এর পরিণতির দায় নিতে হবে।’
ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ইউরোপের আকাশসীমা ব্যবহার করা হলেও তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, ‘ইরানে হামলার জন্য ইউরোপীয় আকাশসীমা ব্যবহার করা হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার জবাব না দিয়ে ছাড়বে না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০