
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৫: ০৪
ফ্রান্সে দায়িত্ব পালনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের কর্মকাণ্ড আইনসম্মত ছিল বলে ধরে নেওয়ার প্রস্তাবিত একটি বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ করেছেন মানবাধিকারকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার ফরাসি সিনেটের কাছাকাছি এলাকায় কয়েক ডজন সংগঠন ও বেসরকারি সংস্থা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।
প্রস্তাবিত বিলটিতে পুলিশের গুলির ঘটনায় কর্মকর্তাদের কর্মকাণ্ড বৈধ ছিল—এমন অনুমানকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে। এতে গুলির ঘটনার তদন্তে প্রমাণের দায়ভার বদলে যেতে পারে। বিক্ষোভকারীদের আশঙ্কা, আইনটি কার্যকর হলে পুলিশের জবাবদিহি কমবে এবং গুলি চালানোর ঘটনায় নিরপেক্ষ তদন্ত কঠিন হয়ে পড়বে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আতাক ফ্রান্স এবং সেভ গ্রুপসহ বিভিন্ন সংগঠন বিলটির বিরোধিতা করছে। ফরাসি সংবাদমাধ্যম পাবলিক সেনেটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিবাদকারীরা মনে করছেন, প্রস্তাবিত আইনের ফলে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঝুঁকি বাড়তে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।
বিক্ষোভস্থলে প্রতিবাদকারীরা একটি প্রতীকী কবরস্থান তৈরি করেন। সেখানে ২০১৭ সাল থেকে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে সাদা রঙের ছোট ছোট স্মৃতিচিহ্ন স্থাপন করা হয়। নিহতদের মধ্যে ছিলেন ১৭ বছর বয়সী নাহেল মেরজুক। ২০২৩ সালে ট্রাফিক তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন আলজেরীয় বংশোদ্ভূত এই তরুণ।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা প্রস্তাবিত বিলকে ‘হত্যার লাইসেন্স’ আখ্যা দিয়ে স্লোগান দেন। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা সতর্ক করে বলেন, আইনটি কার্যকর হলে আইনের শাসন ও পুলিশি জবাবদিহির ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।
বিক্ষোভে বক্তব্য দেন উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ইসাম এল খালফাউই। ২০২১ সালে মার্সেই শহরে পুলিশের গুলিতে নিহত ১৯ বছর বয়সী সুহেইলের বাবা তিনি। তার আশঙ্কা, প্রস্তাবিত আইন কার্যকর হলে পুলিশের বলপ্রয়োগের ঘটনা নিয়ে নজরদারি ও জবাবদিহির সুযোগ আরও সংকুচিত হবে। বিলটি নিয়ে আইনপ্রণেতাদের আলোচনা চলার মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও আনাদোলু এজেন্সি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০