
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ৫৩
মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের চেতনায় অভিন্ন নদীর পানির অধিকার ও দেশ বাঁচাতে জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, গঙ্গা, তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে কার্যকর আন্তর্জাতিক পানি চুক্তি করতে হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে শহীদ আউয়াল নাঈম মিলনায়তনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. ইরান বলেন, উজানে একতরফা পানি প্রত্যাহার, বাঁধ ও জলাধার নির্মাণের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশের নদ-নদী, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, কৃষি, অর্থনীতি ও জনজীবন মারাত্মক সংকটে পড়েছে। নদীনির্ভর বাংলাদেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ সুরক্ষায় অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। অথচ নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। এ ছাড়া তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন ও সমন্বিত ব্যবস্থাপনায়ও কার্যকর অগ্রগতি প্রয়োজন।
ঢাকা মহানগর লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক আহমেদ হাসান হাফিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টির ভাইস চেয়ারম্যান জোহরা খাতুন জুঁই, মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, যুবমিশনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজীব এবং ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০