
উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ০৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৯০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি স্থানীয় আড়তে উন্মুক্ত নিলামে ৫৪ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়। পরে অনলাইন মাধ্যমের মাধ্যমে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয় ৫৭ হাজার ২৫০ টাকায়। বড় আকৃতির মাছটি দেখতে দৌলতদিয়া ঘাট এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি পদ্মা নদীতে জাল ফেলেন জেলে লুৎফর রহমান। এ সময় তাঁর জালে বড় আকৃতির কাতল মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির জন্য বেলা ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসেন তিনি। দীর্ঘদিন পর এত বড় কাতল মাছ দেখতে পেয়ে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
পরে আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হলে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৪ হাজার ৯৬০ টাকায় মাছটি কিনে নেন।
এরপর তিনি অনলাইন যোগাযোগমাধ্যম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, বেলা ১০টার দিকে রেজাউল মন্ডলের আড়তে নিলামে অংশ নিয়ে তিনি মাছটি কিনে নেন। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
তিনি আরও বলেন, বর্তমানে পদ্মার বড় আকৃতির মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি ব্যবসায়ীরাও ভালো দাম পাচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির কাতল মাছ সাধারণত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার ফলে ইলিশের পাশাপাশি কাতল, বোয়াল, রুই, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে।
জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে সব ধরনের মাছের উৎপাদন আরও বাড়বে। এতে তাঁরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০