
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২: ২৩
নবান্ন মানেই নতুন ধানের ঘ্রাণ, কৃষকের মুখে হাসি আর বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। নতুন চাল ঘরে ওঠার আনন্দকে ঘিরে বাংলার গ্রামাঞ্চলে শুরু হয় নানা ধরনের পিঠা-পায়েস তৈরির আয়োজন। ভাপা ও চিতই পিঠার পরিচিত স্বাদের বাইরে অঞ্চলভেদে রয়েছে বৈচিত্র্যময় অনেক পদ। কোথাও বাঁশের ভেতরে চাল পুড়িয়ে তৈরি করা হয় সুগন্ধি পিঠা, কোথাও দুধ ও গুড়ের মিশেলে তৈরি করা হয় রাজকীয় মিষ্টান্ন। আবার কোনো পিঠায় থাকে মসলাদার মাংসের পুর। নবান্নের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে বাংলার বিভিন্ন অঞ্চলের সাতটি ঐতিহ্যবাহী ও মুখরোচক পদের উপকরণ ও প্রস্তুতপ্রণালি তুলে ধরেছেন-
বিন্নি চালের ঘ্রাণ ও ঢলু বাঁশের প্রাকৃতিক সুবাসে তৈরি চুঙ্গা পিঠা সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম। বিশেষ প্রস্তুত প্রণালির কারণে এই পিঠার স্বাদ ও আবেদন দুটোই আলাদা।
উপকরণ: নতুন বিন্নি চাল ২ কাপ, ঢলু বাঁশের চুঙ্গা ২-৩টি এবং কলাপাতা ও পানি পরিমাণমতো। পরিবেশনের জন্য খেজুরের গুড় বা ক্ষীর।
প্রস্তুত প্রণালি: বিন্নি চাল ধুয়ে দু-তিন ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। পরিষ্কার বাঁশের চুঙ্গার ভেতরে কলাপাতা বিছিয়ে তাতে চাল ও পরিমাণমতো পানি দিন। কলাপাতা দিয়ে চুঙ্গার মুখ শক্ত করে বন্ধ করুন। এরপর খড় বা কাঠের আগুনে চুঙ্গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ান, যাতে ভেতরের চাল সমানভাবে সেদ্ধ হয়। বাঁশের বাইরের অংশ পুড়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। চুঙ্গা চিরে পিঠা বের করে খেজুরের গুড় বা ক্ষীর দিয়ে পরিবেশন করুন।
বিক্রমপুরের বিবিখানা পিঠা
নতুন চালের গুঁড়া, ঘন দুধ, গুড় ও নারকেলের মিশেলে তৈরি বিবিখানা পিঠা বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন। নরম গড়ন ও সমৃদ্ধ স্বাদের কারণে এটি অনেকটা কেকের মতো। উৎসবের আয়োজনে এই পিঠা এনে দিতে পারে ভিন্ন মাত্রা।
উপকরণ : নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, ঘন দুধ ১ কাপ, খেজুরের গুড় ১ কাপ, ডিম ২টি, ঘি আধা কাপ, নারকেল কোরা ১ কাপ ও এলাচের গুঁড়া সামান্য।
প্রস্তুত প্রণালি: দুধ ও গুড় জ্বাল দিয়ে ঠান্ডা করুন। অন্য একটি পাত্রে ডিম ও ঘি ভালোভাবে ফেটিয়ে তাতে দুধ-গুড়ের মিশ্রণ, চালের গুঁড়া এবং নারকেল ও এলাচের গুঁড়া মিশিয়ে ঘন গোলা তৈরি করুন। ঘি মাখানো একটি টিফিন বাটিতে মিশ্রণটি ঢেলে ঢাকনা লাগান। বড় হাঁড়িতে পানি ফুটিয়ে স্ট্যান্ডের ওপর বাটিটি বসিয়ে ৩০-৪০ মিনিট ভাপে সেদ্ধ করুন। ঠান্ডা হলে পিঠা বের করে টুকরা করে পরিবেশন করুন।
পাতলা, নরম ও জালির মতো ছিদ্রযুক্ত খোলাজা পিঠা নোয়াখালীর একটি পরিচিত খাবার। হাঁসের মাংসের ঝোল, মাংসের ভুনা কিংবা ঝোলা খেজুরের গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ আরো বেড়ে যায়।
উপকরণ: নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, ডিম ২টি, কুসুম গরম পানি প্রয়োজনমতো এবং লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: চালের গুঁড়া ও লবণের সঙ্গে অল্প অল্প করে পানি মিশিয়ে পাতলা ও মসৃণ গোলা তৈরি করুন। এতে ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন যেন কোনো দানা না থাকে। মাটির খোলা বা ননস্টিক প্যান মাঝারি আঁচে ভালোভাবে গরম করুন। এবার এক হাতা গোলা ঢেলে প্যান ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে প্রায় ৩০ সেকেন্ড রাখুন। পিঠার ওপরের অংশ জমে এলে তুলে নিন। এভাবে বাকি গোলা দিয়ে পিঠা তৈরি করে পছন্দের তরকারি বা গুড়ের সঙ্গে পরিবেশন করুন।
মিষ্টি পিঠার একঘেয়েমি কাটাতে ঝাল স্বাদের ম্যারা পিঠা হতে পারে চমৎকার আয়োজন। চালের গুঁড়ার সেদ্ধ কাইয়ের সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতার মিশ্রণ পিঠাটিকে করে তোলে বেশ মুখরোচক।
উপকরণ: নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, পানি ২ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচামরিচকুচি ২ টেবিল চামচ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া সামান্য, ধনেপাতাকুচি ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: একটি পাত্রে পানি, লবণ, হলুদের গুঁড়া ও আদা-রসুন বাটা দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে শক্ত কাই তৈরি করুন। কিছুটা ঠান্ডা হলে এতে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে ভালোভাবে মথে নিন। এবার হাতের তালুতে নিয়ে গোল বা লম্বাটে আকার দিন। ভাপে ১৫-২০ মিনিট সেদ্ধ করুন। শুঁটকি ভর্তা বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
মিষ্টি পুলির পাশাপাশি মাংসের পুর দিয়ে তৈরি ঝাল পুলিও নবান্নের আয়োজনে রাখতে পারেন। চালের গুঁড়ার নরম আবরণের ভেতরে মসলাদার মাংসের পুর এই পিঠাকে দেয় ভিন্ন স্বাদ ও বৈশিষ্ট্য।
উপকরণ: নতুন চালের গুঁড়া ২ কাপ, মুরগি বা গরুর মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ এবং কাঁচামরিচকুচি, লবণ, পানি ও তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুনবাটা ও অন্যান্য মসলা দিয়ে কিমা ভালোভাবে কষিয়ে শুকনো পুর তৈরি করুন। অন্যদিকে ফুটন্ত লবণপানিতে চালের গুঁড়া দিয়ে নেড়ে ডো তৈরি করে ভালোভাবে মথে নিন। ছোট ছোট রুটি বেলে মাঝখানে মাংসের পুর দিয়ে পুলির মতো ভাঁজ করে মুখ বন্ধ করুন। এবার ডুবো তেলে সোনালি ও মচমচে করে ভাজুন। চাইলে ভাপে সেদ্ধ করেও পরিবেশন করতে পারেন।
নতুন কালিজিরা চাল, ঘন দুধ ও খেজুরের নলেন গুড়ের মিশেলে তৈরি পায়েস নবান্নের ঐতিহ্যবাহী আয়োজনের অন্যতম আকর্ষণ। সুগন্ধি চালের স্বাদ ও গুড়ের মিষ্টতা এই পায়েসকে করে তোলে অনন্য।
উপকরণ: নতুন কালিজিরা বা গোবিন্দভোগ চাল আধা কাপ, তরল দুধ ২ লিটার, খেজুরের নলেন গুড় ১ কাপ, এলাচ ৩টি, দারুচিনি ১ টুকরা এবং কাজু-কিশমিশ সাজানোর জন্য।
প্রস্তুত প্রণালি: চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে হাত দিয়ে সামান্য ভেঙে নিন। দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন হলে চাল, এলাচ ও দারুচিনি দিন। মৃদু আঁচে নিয়মিত নাড়তে থাকুন, যাতে তলায় লেগে না যায়। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে দুধ ঘন হলে চুলা বন্ধ করুন। পায়েস কিছুটা ঠান্ডা হলে নলেন গুড় মিশিয়ে নেড়ে দিন। গরম দুধে গুড় মেশাবেন না, এতে দুধ ফেটে যেতে পারে। সবশেষে কাজু ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।
ফুল-লতাপাতার নকশায় সাজানো নকশি পিঠা বাংলার গ্রামীণ লোকশিল্প ও খাদ্যসংস্কৃতির এক অনন্য নিদর্শন। চালের গুঁড়া, মুগ ডাল, নারকেল, তিল ও গুড়ের সমন্বয়ে তৈরি এই পিঠা স্বাদে যেমন আকর্ষণীয়, তেমনি দেখতেও নান্দনিক।
উপকরণ: নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, সেদ্ধ মুগ ডালবাটা আধা কাপ, কোরানো নারকেল আধা কাপ, খেজুরের গুড় দেড় কাপ, ভাজা তিল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ, পানি ও ভাজার জন্য তেল।
প্রস্তুত প্রণালি: ফুটন্ত পানিতে লবণ, ঘি ও মুগ ডালবাটা মিশিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে শক্ত ডো তৈরি করুন। ভালোভাবে মথে আধা ইঞ্চি পুরু করে বেলে নিন। এবার খেজুরের কাঁটা বা টুথপিক দিয়ে ফুল-লতাপাতার নকশা এঁকে পিঠা কেটে নিন। গরম তেলে হালকা সোনালি করে ভেজে তুলুন। অন্য পাত্রে গুড় ও সামান্য পানি জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করুন। এতে নারকেল ও ভাজা তিল মিশিয়ে পিঠাগুলো ডুবিয়ে তুলে ঠান্ডা করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০