
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৬: ৩৫ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬: ৪০
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পেরিয়ে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিন্দুদের বাড়িঘরসহ দুই শতাধিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা গুজব ও বানোয়াট বলে দাবি করেছে জেলা পুলিশ।
শনিবার নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবার বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বধারণকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও চিত্র প্রণোদিতভাবে ছড়াচ্ছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলা এলাকায় বিএনপির মিছিলে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযানে বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জোড়া হত্যাকাণ্ডের জের ধরে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০