রাজধানীর তুরাগ থানাধীন দলিপাড়া ৫নং সেক্টর, ৬/এ সড়কের শেষ মাথায় ৫১ নং বাসার গ্যারেজের ভেতরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামীকে এলাকাবাসী ছুরিসহ আটক করে তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক স্বামী মোহাম্মদ অপু মিয়া (২৪) তার স্ত্রী রুনা আক্তার (১৮) কে পরকীয়ার সন্দেহে দীর্ঘদিন ধরে সন্দেহ করত। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিরোধের জেরে অপু ধারালো ছুরি দিয়ে স্ত্রী রুনাকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করে।
পরে স্থানীয় লোকজন ছুটে এসে আসামিকে ছুরিসহ আটক করে এবং গুরুতর আহত রুনাকে দ্রুত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুনা আক্তার (১৮), পিতা- মো. হাদিস মিয়া, গ্রাম- সাতকান্দা, জেলা- নেত্রকোনা। অভিযুক্ত অপু মিয়া (২৪), পিতা- মো. সবুজ মিয়া, গ্রাম- দাপুনিয়া, জেলা- নেত্রকোনা।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, "হত্যার পর এলাকাবাসী আসামিকে আটক করে আমাদের খবর দেয়। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০