
ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার রাতে চালানো এ হামলায় গ্যাসক্ষেত্রটিতে আগুন ধরে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।ইরাক ও কুর্দি অঞ্চলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।আলজাজিরার তথ্য যাচাইকারী সংস্থা সানাদ হামলার পর গ্যাসক্ষেত্রটির আশপাশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা ওঠার ভিডিওর সত্যতা যাচাই করেছে। গ্যাসক্ষেত্রটি ইরাকের উত্তরাঞ্চলীয় সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত।ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ বলেছেন, হামলার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে এরবিল, সুলাইমানিয়া, বাজিয়ান, চামচামাল ও দোহুক শহরের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।ওমিদ আহমেদ জানান, হামলার কারণে জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এ জন্য জলবিদ্যুৎকেন্দ্র এবং বিকল্প জ্বালানিতে চালিত অন্যান্য বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করা হবে।বাগদাদ থেকে আলজাজিরার সংবাদদাতা পিটার স্মিথ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, বিস্ফোরকবাহী একটি ড্রোন খোর মোর গ্যাসক্ষেত্রের গ্যাস সংরক্ষণাগারে আঘাত হানে। এতে বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে গেছে।এদিকে হামলায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে তিনি এ তথ্য দিয়েছেন বলে আইএনএ জানিয়েছে।হামলার প্রকৃত ঘটনা ও এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে কুর্দি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আইএনএর প্রতিবেদন অনুযায়ী, হামলার পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করবে এই কমিটি।এএম
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০