
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৫: ০১
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি, সিআরবি ও অন্যান্য সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালানো, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অভিযোগ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আবদুর শুক্কুর, মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, মো. পারভেজ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।
জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াসিনের নেটওয়ার্কের সদস্য। তারা আলীনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজ এবং বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালাতেন। এসব প্রচারণার মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে জনমত তৈরি ও সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করা হতো বলে দাবি পুলিশের।
র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন
জঙ্গল সলিমপুরে ইয়াসিনের প্রভাব ও সশস্ত্র তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। সর্বশেষ বড় ধরনের আলোচনায় আসে গত ১৯ জানুয়ারি। ওই দিন জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় র্যাবের আরো তিন সদস্য আহত হন।
ওই ঘটনায় সীতাকুণ্ড থানায় করা হত্যা মামলায় প্রধান আসামি করা হয় মো. ইয়াসিনকে। মামলায় ইয়াসিনসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছিল। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ইয়াসিনের নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০