
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২০: ১৯
পোশাকশিল্পে শ্রমিকের ন্যায্য মজুরি এবং একই সঙ্গে শিল্পকে টিকিয়ে রাখতে দুটির মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। তারা জানান, পোশাকশিল্প এখন একসঙ্গে চার ধরনের চাপের মুখে রয়েছে। এগুলো হলো রপ্তানি বাজারের চাহিদা, পণ্যের নিম্নমুখী মূল্য, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও শ্রমিকের জীবনযাত্রার ব্যয়। এজন্য বর্তমান মজুরি সংকটকে কেবল মালিক-শ্রমিক দ্বন্দ্ব হিসেবে না দেখে এসব বিষয় একসঙ্গে বিবেচনা করতে হবে বলেও জানান তারা।
বুধবার রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনের সম্মেলন কক্ষে সংস্কারমুখী নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ‘পোশাক খাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী?’ শীর্ষক সংলাপে বক্তরা এসব কথা বলেন।
বক্তারা বলেন, নতুন ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরির ফলে অবশেষে আমাদের ন্যূনতম মজুরি ভিয়েতনাম ও ভারতের মতো কয়েকটি প্রতিযোগী দেশের কাছাকাছি পৌঁছেছে। এটি একটি ইতিবাচক অগ্রগতি। সামগ্রিক বাস্তবতা বিবেচনায় শ্রমিকদের এই মজুরি মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা।
সংলাপের শুরুতে ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের আমদানি তথ্য তুলে ধরে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি ও পণ্যমূল্যের প্রবণতা ব্যাখ্যা করেন।
তিনি বলেন, ২০২৩ সালে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের সময় গ্রেডভেদে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বৃদ্ধি পায়। সে সময় রপ্তানিকারকদের ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে প্রায় ১১৮ টাকায় (প্রায় ১৫-১৬ শতাংশ) সমন্বয় হওয়ায় শিল্প সেই বাড়তি ব্যয়ের একটি বড় অংশ সামাল দিতে পেরেছিল। অথচ গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান সমন্বয় হয়েছে মাত্র প্রায় ১ দশমিক ৭ শতাংশ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান মজুরি নির্ধারণ প্রক্রিয়া আদর্শ নয়। শ্রমিকদের জীবনযাত্রার মান ও জীবনযাপন ব্যয় নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ফলে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা কোনোপক্ষই পুরোপুরি মেনে নিতে পারে না। তিন বা পাঁচ বছর পরপর নয়, প্রতি বছর মূল্যায়নের ভিত্তিতে মজুরি সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, আমাদের অর্থনীতি পোশাকশিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দীর্ঘদিন ধরে সরকারের সব সুযোগ-সুবিধা পোশাকশিল্পই পেয়ে এসেছে, অথচ চামড়া ও চামড়াজাত পণ্যের মতো অন্যান্য রপ্তানিখাতে সরকারের যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি।
সংলাপে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ড. রুবানা হক, বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, লেখক ও মানবাধিকার-শ্রম অধিকারকর্মী ফিরোজ আহমেদ, বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ ও ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি মো. রুবাইয়াত সারওয়ার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০