
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২: ২১
বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার তিন দিন পর শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জয়মনি সাইলো এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিব খান জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলাম খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখাটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ব্যাংকের নিরাপত্তা ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করে পুলিশ। ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তের পর তার বাড়িতে অভিযান চালানো হয়। পরে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে রাকিব খানকে আটক করা হয়।
মোংলা থানার ওসি আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় দায়ের করা মামলা এবং আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি কোনো তথ্য দেননি। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘স্যারের সঙ্গে রয়েছি, পরে কথা বলব।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০