
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪: ২২
কম জমিতে বেশি উৎপাদন ও খরচ কমিয়ে বাড়তি আয়ের লক্ষ্যে একই জমিতে একাধিক ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা। আন্তঃফসল, সাথী, মিশ্র ও ভার্টিক্যাল পদ্ধতিতে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে সফলতার মুখ দেখছেন তারা। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়ছে কৃষকের আয় ও পুষ্টির চাহিদা পূরণের সুযোগ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় একই জমিতে একাধিক ফসল ও সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। দরবস্ত, শিবপুর, কোচাশহর, কামারদহ, গুমানীগঞ্জ ও ফুলবাড়িসহ পৌর এলাকার ২০ থেকে ২৫টি গ্রামের কৃষক এ পদ্ধতিতে চাষাবাদ করছেন। একই জমিতে বেগুন, কলা, টমেটো, হলুদ, লালশাক, করলা ও লাউসহ বিভিন্ন ফসল উৎপাদন করছেন তারা।
কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামের কৃষক শামীম রেজা এবার ৪০ শতক জমিতে কয়েকটি প্লট তৈরি করে বিভিন্ন ফসল ও সবজি চাষ করেছেন। তিনি জানান, ফলন ভালো হয়েছে। উৎপাদন খরচ বাদ দিয়ে অন্তত ৫০ হাজার টাকা লাভের আশা করছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, চলতি মৌসুমে উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার ২০ থেকে ২৫টি গ্রামে প্রায় ৫০ হেক্টর জমিতে আন্তঃফসল, সাথী ও মিশ্র ফসলের আবাদ হয়েছে।
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি জানান, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাট গ্রামের কৃষকরা একই জমিতে আদা, ফুলকপি ও ওলকচু চাষ করছেন। পাশাপাশি সিমেন্টের পরিত্যক্ত বস্তায় আদা চাষ করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছেন তারা। কৃষক বেনামি চন্দ্র, ইয়াসমিন মিয়া ও অনন্ত রায় এ পদ্ধতিতে চাষাবাদ করছেন। তাদের আশা, ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে এ পদ্ধতিতে বাড়তি আয় করা সম্ভব হবে।
গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন বলেন, প্রচলিত পদ্ধতির পাশাপাশি বস্তায় আদা চাষ করলে বাড়তি জমির প্রয়োজন হয় না। সঠিক পরিচর্যা, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন নিশ্চিত করতে পারলে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষকদের এ ধরনের বিকল্প পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, কৃষিজমি কমে আসা ও খাদ্য উৎপাদনের চাহিদা বাড়ায় উপজেলার কৃষকরা ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদ করছেন। হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে একই জমিতে মাচা তৈরি করে ওপরে শিম এবং নিচে আদা চাষ করছেন কৃষকরা। কৃষক বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে এ পদ্ধতিতে আবাদ করেছেন।
কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন জানান, একই জমিতে দুই ধরনের ফসল চাষ করে তারা লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হলেও জমিতে আদা থাকবে। ফলে পর্যায়ক্রমে দুই ফসল থেকেই আয় করা সম্ভব হবে।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, কৃষিজমি কমে আসায় একই জমিতে একাধিক ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। উপজেলায় প্রায় দুই হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০