জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী উত্তরার মুগ্ধ মঞ্চে দিনব্যাপী ‘জুলাই এক্সিভিশন’ শুরু হয়েছে। "জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা"-র আয়োজনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করেন শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাখমিন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ আব্দুন নূরের বাবা মাওলানা বাশার, শহীদ আসাদুল্লাহর স্ত্রী ফারজানা আক্তার, শহীদ জাহিদুজ্জামান তানভিনের মা বিলকিস জামান, শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার এবং শহীদ রিদয়ান শরীফ রিয়াদ জয়ের মা রুপালি আক্তার। শহীদ পরিবারগুলো জুলাই-আগস্টের খুনিদের দ্রুত বিচার এবং জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন দাবি করেন।
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরার যুগ্ম আহবায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারিখ হাসান, তাহমিদ হুজাইফা, তালহা জুবায়ের সজীব, ইমরান হোসাইন ইমু ও আহমেদ সামরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী চলা এই প্রদর্শনীর অংশ হিসেবে বিকেল ৪টা থেকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এরপর সন্ধ্যা ৭টায় কাশিদা ব্যান্ডের পরিবেশনায় কাওয়ালী সন্ধ্যা এবং রাতে ‘বিদ্রোহের উত্তরা’ শিরোনামে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। উত্তরা ও এর আশপাশের এলাকার সকল অধিবাসীকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০