প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
উত্তরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মমিনুল হক (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, তিনি একজন পুলিশ কনস্টেবলের বাবা।
২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা পূর্ব থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাস্তা পারাপার হচ্ছিলেন মমিনুল হক। ওই সময় ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি বিমানবন্দরসংলগ্ন এপিবিএন কোয়ার্টারের পাশে তাঁকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মমিনুল হকের ছেলে শরিফুল ইসলাম বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্তব্যরত বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম।
নিহত মমিনুল হকের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তুষপুর চাঁদপাড়া গ্রামে। তিনি মো. শাহেদের ছেলে। এসআই মাহাবুব বলেন, নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট চলছে।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) মো. এমদাদুল হক বলেন, ‘অজ্ঞাতনামা গাড়িচাপায় আমাদের এক পুলিশ সদস্যের বাবা নিহত হয়েছেন। ঘাতক চালক ও গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। শনাক্তের চেষ্টা চলছে।’
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬