
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা বাড়ছে। প্রকাশ্যে গুলি, ছুরিকাঘাত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ১০ মাসে দেশে ২,৯৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ব্লক রেইড ও টহল জোরদার করেও অপরাধের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তবে এর মধ্যেও খুন, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক কোন্দল, সম্পত্তির বিরোধ, আধিপত্য বিস্তার ও অবৈধ দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে। অপরাধী চক্রের মধ্যে এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই, মাদক কারবারের আধিপত্য প্রতিষ্ঠা, কিশোর গ্যাংগুলোর বিরোধ ও অবৈধ দখল এবং আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনায় প্রকাশ্যে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এর সঙ্গে শ্রমিক অসন্তোষ, বাসে অগ্নিসংযোগ এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনাও যুক্ত হয়েছে। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাদের অর্থায়নের অভিযোগও পাওয়া গেছে।অপরাধ বিশ্লেষকদের মতে, চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে কারাগার থেকে একাধিক শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পান। বিদেশে থাকা নিষ্ক্রিয় অপরাধী চক্রের সদস্যদের কেউ কেউ নতুন করে সক্রিয় হয়েছেন। তাদের অনুসারীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এতে হত্যাকাণ্ডসহ লোমহর্ষক অপরাধ বেড়েছে।পুলিশ বলছে, যারাই অপরাধ করছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। যারাই আইন ভাঙছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশের টহল ও অভিযানের মাত্রা বেড়েছে। পাশাপাশি এলাকাভিত্তিক ক্রাইম ডেটা আপডেটের জন্য পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা আমার দেশকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ের প্রতিটি ইউনিটকে সক্রিয় ও সতর্ক রাখা হয়েছে। নিয়মিত টহল, চেকপোস্ট ও অপরাধবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক আমার দেশকে বলেন, হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়Ñবর্তমানে এমন অসংখ্য অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।অপরাধ বিশ্লেষকদের মতে, পুলিশের সিদ্ধান্ত বাস্তবায়নে নীতিনির্ধারণী পর্যায় ও মাঠপর্যায়ের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে আক্রান্ত হওয়ার আশঙ্কা ও মনোবলের ঘাটতিও দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা কিংবা অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি সবার ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি।অনুসন্ধানে জানা গেছে, মাদক কারবার, আধিপত্য বিস্তার, ব্যবসার নিয়ন্ত্রণ, দখল, চাঁদাবাজি এবং ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। গোলাগুলিতে প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন অনেকে। খুনোখুনির পাশাপাশি অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, অপহরণ ও ভয় দেখাতে গোলাগুলির ঘটনাও ঘটছে। গত মাসেও ২৭টি গুলির ঘটনা ঘটেছে। মাসে গড়ে ৩০০ হত্যাকাণ্ডপুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ২৮৭টি খুনের মামলা হয়েছে। ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬, জুলাইয়ে ২৯৮, আগস্টে ২৮৬, সেপ্টেম্বরে ২৯৭ এবং অক্টোবরে ২৮০টি মামলা হয়েছে। ১০ মাসে মোট মামলা হয়েছে ২,৯৩৯টি। অর্থাৎ মাসে গড়ে প্রায় ৩০০ ও দিনে প্রায় ১০টি মামলা হয়েছে। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় খুনের মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যানে খুনের পাশাপাশি অন্যান্য অপরাধের চিত্রও উঠে এসেছে। ওই মাসে সারা দেশে ডাকাতির ২৮টি, দস্যুতার ১৫৩টি, দাঙ্গা দুটি, নারী ও শিশু নির্যাতন ২,১১৩টি এবং অপহরণের ৭৮টি ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ওপর হামলার ৪০টি, সিঁধ কেটে চুরির ২৮১টি এবং সাধারণ চুরির ১০২টি ঘটনা ঘটেছে। ওই মাসে ১৬০টি অবৈধ অস্ত্র ও ৩০টি বিস্ফোরক উদ্ধারের তথ্যও রয়েছে। মাদক উদ্ধারসংক্রান্ত মামলা হয়েছে ৭,১০১টি এবং চোরাচালানের পণ্য জব্দের ঘটনায় মামলা হয়েছে ২৪৩টি।রাজনৈতিক প্রাণহানিচলতি বছরে আধিপত্য বিস্তার, পদ-পদবি নিয়ে বিরোধ, দখল ও এলাকাভিত্তিক কোন্দলকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছে। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১২০ জন নিহত হয়েছেন। সংগঠনটির মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে আটজন, মার্চে ২০, এপ্রিলে ১৫, মে মাসে ১০, জুনে ১৯, জুলাইয়ে ১০, আগস্টে ৯ এবং সেপ্টেম্বরে আটজন নিহত হয়েছেন।নির্যাতন ও সহিংসতায় ১০ জনের মৃত্যুঅধিকারের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নির্যাতনে ছয়জন, পিটুনিতে দুজন এবং গুলিতে দুজন নিহত হয়েছেন। সব মিলিয়ে এই সময়ে এ ধরনের ঘটনায় ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সংগঠনটি।খুলনার পরিস্থিতি নিয়ে উদ্বেগপুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের হাতে নারীসহ ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই তরুণ। আধিপত্য বিস্তার, রাজনৈতিক সহিংসতা ও কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব এসব হত্যাকাণ্ডের কারণ হিসেবে উঠে এসেছে।উদ্ধার হয়নি লুণ্ঠিত ১৩১০ অস্ত্র২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় দেশের বিভিন্ন থানা ও পুলিশ ব্যারাক থেকে অস্ত্র লুটের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, লুণ্ঠিত ১,৩১০টি অস্ত্র ও গোলাবারুদের বড় একটি অংশ এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্রের মধ্যে এসএমজি, চায়না রাইফেল ও পিস্তল রয়েছে। অস্ত্র উদ্ধারে বেসামরিক নাগরিকদের সহযোগিতা চেয়ে পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। তবে এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। খোয়া যাওয়া এসব অস্ত্র অপরাধীদের হাতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।পুলিশই নিরাপত্তাহীনতায়আইনশৃঙ্খলা রক্ষায় যারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে থাকেন, সেই পুলিশ সদস্যরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। খুলনা এলাকায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। গত ৯ অক্টোবর রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে ইউনিট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে কোনো স্থানে অভিযানে গেলে পুলিশ সদস্যরা একসঙ্গে যাচ্ছেন বলে জানা গেছে।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০