
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২১: ২৬
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘ সময় নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনাকে ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সাত শতাধিক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় দিন কাটাচ্ছে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণ রাখবে। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণেরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে। প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
মন্ত্রী বলেন, এত মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে, গণতন্ত্র ও আইনের শাসনের পথ ধরেই এগিয়ে যাব। জেন-জি প্রজন্ম তাদের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও সহযোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়নি বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমের দিক থেকে আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। এ ধরনের শিক্ষা বৃত্তি আয়োজনের উদ্দেশ্য শুধু কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া নয়; বরং পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, জ্ঞান, মেধা ও প্রজ্ঞা অর্জনে আরও বেশি উৎসাহিত করা।
তিনি চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা বড় স্বপ্ন দেখুন। চুয়াডাঙ্গার যেসব কৃতী সন্তান তাদের ত্যাগ, মেধা, শ্রম ও কর্মের মাধ্যমে জেলাকে আলোকিত করেছেন, তাদের অনুসরণ করে নিজেদেরও সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করতে হবে।
চুয়াডাঙ্গার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, তার বাড়ি ঝিনাইদহ। নিজ জেলার প্রতি তার বিশেষ দায়বদ্ধতা থাকলেও প্রতিবেশী জেলা হিসেবে চুয়াডাঙ্গার প্রতিও দায়িত্ব রয়েছে। চুয়াডাঙ্গার উন্নয়নে যখন যে সুযোগ আসবে এবং তাঁর পক্ষে যতটুকু অবদান রাখা সম্ভব, তিনি তা রাখবেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদুজ্জামান টরিকসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আইনমন্ত্রী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০