
উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৭: ৪৬
প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা বিতরণ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বটতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা প্রতিমন্ত্রীর পক্ষে বিতরণ করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ।
উল্লেখ্য, গত রবিবার রাতে বটতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ী ও বসবাসকারী পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
সরকারি সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে মোট ৪৪ বান ঢেউটিন, ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৬৩০ কেজি চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই বান টিন, ৬ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত একটি মন্দিরের জন্যও দুই বান টিন ও ৬ হাজার টাকা শীত বস্ত্র বস্ত্রসহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহান মাহমুদ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি এ সহায়তা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০